বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় বির্তকের ঝড় খুনে অভিযুক্ত থেকে আসন বদল, তুঙ্গে কোন্দল – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্য বিধানসভা নির্বাচনের জন্য ১১২ জন প্রার্থীর দ্বিতীয় তালিকা প্রকাশ করল বিজেপি। তবে এই তালিকায় উঠে এসেছে একাধিক বিতর্কিত নাম। বীজপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে সুদীপ্ত দাসকে, যিনি তৃণমূল কর্মী রাজু কুড়মি খুনে অভিযুক্ত এবং আদালতের নির্দেশে বর্তমানে এলাকাছাড়া। একইভাবে মঙ্গলকোটের প্রার্থী শিশির ঘোষের বিরুদ্ধেও খুনের অভিযোগ রয়েছে। আইনি জটিলতা ও দলীয় কোন্দল সামাল দিতে একাধিক আসনে প্রার্থী বদল করেছে গেরুয়া শিবির।
অভ্যন্তরীণ অসন্তোষ মেটাতে বিদায়ী বিধায়ক ও গতবারের প্রার্থীদের অনেকেরই আসন পরিবর্তন করা হয়েছে। অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে খড়্গপুর সদরের বদলে শ্যামপুরে এবং নিশীথ প্রামাণিককে মাথাভাঙায় টিকিট দেওয়া হয়েছে। অন্যদিকে, রূপা গঙ্গোপাধ্যায় ও পাপিয়া অধিকারীর মতো তারকা প্রার্থীদের গুরুত্বপূর্ণ কেন্দ্রে লড়াইয়ে নামানো হয়েছে। কালিম্পং আসনে ভারতের প্রাক্তন হকি অধিনায়ক ভরত ছেত্রীকে প্রার্থী করে চমক দেওয়ার চেষ্টা করেছে দল।
তালিকায় বড় রদবদল হলেও ৩৮টি আসনের প্রার্থী ঘোষণা এখনও বাকি রয়েছে, যা দলের অন্দরে তীব্র জট ও মতপার্থক্যের ইঙ্গিত দিচ্ছে। জলহাটি ও তমলুকের মতো কেন্দ্রে প্রার্থী চূড়ান্ত না হওয়া নিয়ে জল্পনা তুঙ্গে। বিশেষত আর জি কর কাণ্ডের নির্যাতিতার মায়ের জলহাটিতে লড়াইয়ের ইচ্ছাপ্রকাশ রাজনৈতিক সমীকরণকে নতুন মাত্রা দিয়েছে। প্রতিকূলতা সত্ত্বেও হাইকোর্টে আবেদনের মাধ্যমে প্রচার চালানোর প্রস্তুতি নিচ্ছেন এলাকাছাড়া প্রার্থী সুদীপ্ত দাস।

