বিজেপির নির্বাচনী ইশতেহারে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ ও মাসিক ৩ হাজার টাকা ভাতার চমক – এবেলা
এবেলা ডেস্কঃ
তৃণমূলের ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পাল্টা হিসেবে পশ্চিমবঙ্গ বিজেপি তাদের নির্বাচনী ইশতেহারে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প আনতে চলেছে বলে সূত্রের খবর। এই প্রকল্পের অধীনে মহিলাদের মাসিক ৩ হাজার টাকা ভাতা দেওয়ার প্রতিশ্রুতি থাকতে পারে। পাশাপাশি, যুবকদের জন্য ‘যুবশক্তি’ প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ৩ হাজার টাকা বেকারভাতার প্রস্তাবও ইশতেহারে থাকার জোরালো সম্ভাবনা রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২৭ বা ২৮ মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে এই ইশতেহার প্রকাশিত হতে পারে। তৃণমূলের ‘১০ প্রতিজ্ঞা’র মোকাবিলায় বিজেপি মূলত জনকল্যাণমুখী প্রকল্প ও কর্মসংস্থানে জোর দিচ্ছে। বিশেষ করে ভিনরাজ্যে থাকা প্রায় ৫০ লক্ষ পরিযায়ী শ্রমিককে রাজ্যে ফিরিয়ে এনে কাজের সুযোগ করে দেওয়াকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
আর্থিক প্রতিশ্রুতির পাশাপাশি পরিকাঠামো উন্নয়নেও একাধিক বড় ঘোষণা থাকতে পারে। এর মধ্যে উত্তর থেকে দক্ষিণবঙ্গ সংযোগকারী হাইওয়ে, বেহালা থেকে বালুরঘাট বিমান পরিষেবা এবং গভীর সমুদ্র বন্দর নির্মাণের পরিকল্পনা উল্লেখযোগ্য। এছাড়া দুর্নীতিমুক্ত প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষা এবং নারী সুরক্ষার বিষয়টিও বিজেপির ইশতেহারে বিশেষ গুরুত্ব পাচ্ছে বলে জানা যাচ্ছে।

