বিজেপির পার্টি অফিসে লঙ্কাকাণ্ড! প্রার্থী বদলের দাবিতে সল্টলেকে ধুন্ধুমার বিক্ষোভ – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যজুড়ে প্রার্থী তালিকা প্রকাশ হতেই গেরুয়া শিবিরের অন্দরে শুরু হয়েছে তীব্র বিদ্রোহ। একে তো প্রার্থী নিয়ে অসন্তোষ, তার ওপর সল্টলেকের দলীয় কার্যালয়ের সামনে কর্মীদের তুমুল বিক্ষোভে কার্যত নাজেহাল অবস্থা বিজেপির। চন্দননগর থেকে শুরু করে বেলেঘাটা— সর্বত্রই যেন একই ছবি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ঘরোয়া কোন্দল সামাল দিতেই এখন কালঘাম ছুটছে পদ্ম শিবিরের নেতাদের।
শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতা ছাড়তেই সল্টলেকের বিজেপি অফিসের সামনে আছড়ে পড়ে চন্দননগরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ। তাঁদের দাবি একটাই, ‘বহিরাগত’ প্রার্থী সরানো হোক এবং ভূমিপুত্র কাউকে টিকিট দেওয়া হোক। ২০২১ সালের নির্বাচনে পরাস্ত হওয়া দীপাঞ্জন গুহকে পুনরায় প্রার্থী করায় ক্ষোভে ফুঁসছেন কর্মীরা। হাতে দলীয় পতাকা আর মুখে ‘দূর হঠো’ স্লোগান দিয়ে সল্টলেকের রাজপথ কার্যত দখল করে নেন বিক্ষোভকারীরা।
শুধু চন্দননগর নয়, উত্তর থেকে দক্ষিণ— কোচবিহার থেকে উদয়নারায়ণপুর কিংবা বলাগড়, সর্বত্রই প্রার্থী নিয়ে অসন্তোষের আগুন জ্বলছে। বুধবার চন্দননগরের জিটি রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানোর পর শনিবার সেই আঁচ এসে পড়ল খোদ দলের সদর দফতরে। হাতে গোনা কয়েকটি আসনের প্রার্থী তালিকা এখনও বাকি, কিন্তু তার আগেই যেভাবে কোন্দল মাথাচাড়া দিচ্ছে, তাতে নির্বাচনী প্রচার শিকেয় ওঠার জোগাড়। এখন দেখার, এই ‘বিদ্রোহ’ দমনে বিজেপি নেতৃত্ব কী পদক্ষেপ নেয়।

