লেটেস্ট নিউজ

বিজেপির প্রার্থী ঘোষণায় ক্ষুব্ধ জিএনএলএফ, কার্শিয়াংয়ে নির্দলের হুঁশিয়ারি – এবেলা

এবেলা ডেস্কঃ

গোর্খা রাজনীতির সমীকরণ উল্টে দিয়ে পাহাড়ের তিন আসনেই ‘একলা চলো’ নীতি নিল বিজেপি। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে শরিক দল জিএনএলএফ-কে কার্যত গুরুত্বহীন করে দিয়ে দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পং—তিন কেন্দ্রেই পদ্ম প্রতীকে প্রার্থী ঘোষণা করেছে গেরুয়া শিবির। দলের এই সিদ্ধান্তে পাহাড়জুড়ে শুরু হয়েছে শরিকি বিদ্রোহ আর আদি-নব্য দ্বন্দ্বের বিস্ফোরণ।

সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন রাজু বিস্টের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দু’বারের বিধায়ক নীরজ জিম্বা। টিকিট না পেয়ে মুষড়ে পড়েছেন এই জিএনএলএফ নেতা। অন্যদিকে, কালিম্পংয়ে হকি তারকা ভরত ছেত্রীকে প্রার্থী করে চমক দিলেও তাঁর রাজনৈতিক গ্রহণযোগ্যতা নিয়ে উঠছে প্রশ্ন। কার্শিয়াংয়ে সোনম লামাকে প্রার্থী করায় খোদ বিজেপি কর্মীদের একাংশই বিদ্রোহ ঘোষণা করেছেন। সেখানে মনোজ দেওয়ানকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করানোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় নেতারা।

দার্জিলিং আসনে গোর্খা জনমুক্তি মোর্চার নমন রাইকে প্রার্থী করে বিমল গুরুংয়ের সঙ্গে কৌশলী আঁতাতের ইঙ্গিত দিলেও ব্রাত্য থেকেছে অজয় এডওয়ার্ডের দল। আঞ্চলিক দলগুলোর অস্তিত্ব মুছে দেওয়ার যে বার্তা বিজেপি শীর্ষ নেতৃত্ব দিয়েছিল, পাহাড়ে তার প্রতিফলন স্পষ্ট। এখন দেখার, শরিকদের এই ক্ষোভ আর নির্দল প্রার্থীর চ্যালেঞ্জ সামলে পদ্ম শিবির পাহাড়ে নিজেদের আধিপত্য ধরে রাখতে পারে কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *