বিজেপির প্রার্থী ঘোষণায় ক্ষোভ, নদিয়ায় টায়ার জ্বালিয়ে মতুয়াদের তুমুল বিক্ষোভ – এবেলা
এবেলা ডেস্কঃ
নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। শনিবার কৃষ্ণগঞ্জ ব্লকের শোনঘাটা বাজারে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান মতুয়া মহাসঙ্ঘের কর্মী ও সমর্থকরা। দলীয় প্রার্থী সুকান্ত বিশ্বাসের বিরুদ্ধে ‘বহিরাগত’ তকমা দিয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। তাঁদের স্পষ্ট দাবি, এই কেন্দ্রে কোনো বহিরাগত নয়, বরং স্থানীয় ‘ভূমিপুত্র’ কাউকে প্রার্থী করতে হবে।
মতুয়া মহাসঙ্ঘের কৃষ্ণগঞ্জ ব্লক কমিটির এই কর্মসূচিতে এদিন ধামসা-মাদল নিয়ে শামিল হন নারী-পুরুষ নির্বিশেষে বহু মানুষ। বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। আন্দোলনকারীদের অভিযোগ, বাইরের প্রার্থী জয়ী হওয়ার পর এলাকার মানুষের অভাব-অভিযোগের তোয়াক্কা করেন না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।
এই বিক্ষোভ প্রসঙ্গে নদিয়া দক্ষিণ বিজেপির জেলা সভাপতি অপর্ণা নন্দী জানান, অনেকেই প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, তবে দল সুকান্ত বিশ্বাসকেই মনোনীত করেছে। উদ্ভূত পরিস্থিতি ও কর্মীদের ক্ষোভ প্রশমনে নেতৃত্বের সঙ্গে বৈঠক করে দ্রুত মনোমালিন্য মিটিয়ে নেওয়া হবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি। তবে নিজেদের দাবিতে অনড় থেকে আন্দোলনের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করতে মরিয়া স্থানীয় মতুয়ারা।

