বিজেপির প্রার্থী তালিকা ঘিরে রণক্ষেত্র সল্টলেক, রাজ্য সভাপতিকে ঘিরে বিক্ষোভ কর্মীদের – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই বিজেপির অন্দরে তীব্র অসন্তোষ দানা বেঁধেছে। সল্টলেকের দলীয় কার্যালয়ে কয়েকশ কর্মী-সমর্থক জমায়েত হয়ে প্রার্থী পরিবর্তনের দাবিতে সোচ্চার হন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে সামনে পেয়েই ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা। বেলেঘাটা, এন্টালি, গোসাবা এবং কুলপিসহ একাধিক কেন্দ্রের কর্মীরা এই প্রতিবাদে শামিল হয়েছিলেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, ঘোষিত প্রার্থীদের অনেকেরই স্থানীয় স্তরে গ্রহণযোগ্যতা নেই। তাঁদের দাবি মানা না হলে আসন্ন নির্বাচনে এর নেতিবাচক প্রভাব পড়বে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এর আগে আলিপুরদুয়ারের জেলা কার্যালয়েও ভাঙচুরের ঘটনা ঘটেছিল। একের পর এক কেন্দ্রে এই ধরনের বিদ্রোহ দানা বাঁধায় ভোটের মুখে চরম অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবিরের নেতৃত্ব।
বিজেপি এ পর্যন্ত দুই দফায় মোট ২৫৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। তবে টিকিট বণ্টন নিয়ে দলের নিচুতলার কর্মীদের এই গণবিক্ষোভ শীর্ষ নেতৃত্বের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে অভ্যন্তরীণ কোন্দল সামাল দেওয়াই এখন বিজেপির কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্তক অবস্থান নিয়েছে দলীয় হাইকম্যান্ড।

