বিজেপি জিতলে বাংলা হবে অপরাধীদের স্বর্গরাজ্য, আসানসোলে জনসভা থেকে ভোটারদের সতর্ক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

বিজেপি জিতলে বাংলা হবে অপরাধীদের স্বর্গরাজ্য, আসানসোলে জনসভা থেকে ভোটারদের সতর্ক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

আসানসোলের শিল্পাঞ্চলে নির্বাচনী প্রচারে এসে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বারাবনির পানুরিয়া হাসপাতাল গ্রাউন্ডে দলীয় প্রার্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে আয়োজিত জনসভায় তিনি দাবি করেন, বিজেপি প্রার্থীদের জেতানো মানেই এলাকায় গুন্ডারাজ ও অশান্তি ফিরিয়ে আনা। বারাবনি থেকে গেরুয়া শিবিরকে চিরতরে মুছে ফেলার ডাক দিয়ে এবারের নির্বাচনে জয়ের ব্যবধান ৪০ হাজারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেন তিনি।

বক্তব্য চলাকালীন বারাবনির বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে অভিষেক বলেন, যে প্রার্থীর বিরুদ্ধে নিজের দলের কর্মীদেরই মারধর ও হুমকির অভিযোগ রয়েছে, তাকে ভোট দেওয়া মানে অপরাধীদের রাজত্ব কায়েম করা। তিনি কটাক্ষ করে বলেন, বর্তমানে জেলা বিজেপির অফিস কয়লা মাফিয়াদের দখলে চলে গিয়েছে। উশৃঙ্খল ও জালিয়াতদের থেকে ভোটারদের সতর্ক থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি তিনি গত ১৫ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। আসানসোল পুলিশ কমিশনারেট, কাজী নজরুল বিশ্ববিদ্যালয় এবং সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ার কৃতিত্ব তৃণমূল সরকারের বলে তিনি উল্লেখ করেন। মোদী সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, বীরভূম বা বর্ধমানের উন্নয়নে কেন্দ্রীয় অবদানের রিপোর্ট কার্ড দেখালে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।

তৃণমূলের নির্বাচনী ইস্তাহারের পাঁচটি বিশেষ প্রতিজ্ঞার কথা উল্লেখ করে অভিষেক নিশ্চিত করেন যে, মা-মাটি-মানুষের সরকার ক্ষমতায় থাকলে মহিলারা সারাজীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। এছাড়া কেন্দ্রীয় তহবিল ছাড়াই আগামী পাঁচ বছরের মধ্যে প্রতিটি ঘরে পানীয় জল, যোগ্য নাগরিকদের জন্য ‘বাংলার বাড়ি’ এবং বার্ধক্য ভাতার নিশ্চয়তা দেন তিনি। বিজেপি শাসিত রাজ্যগুলোতে কেন এই ধরণের জনকল্যাণমূলক প্রকল্প নেই, সেই প্রশ্নও তোলেন তিনি। পাথর শিল্পের শ্রমিকদের সিলিকোসিস রোগের বিনামূল্যে চিকিৎসা এবং বিশেষ পরিচয়পত্র প্রদানের প্রতিশ্রুতিও দেন তিনি।

রান্নার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া দাম নিয়ে মোদী সরকারকে আক্রমণ করে অভিষেক বলেন, ৪০০ টাকার গ্যাস আজ ১০০০ টাকা ছাড়িয়েছে। কেরোসিন থেকে শুরু করে ট্রেনের প্ল্যাটফর্ম টিকিটের বর্ধিত মূল্যে সাধারণ মানুষ আজ দিশেহারা। এই আর্থিক শোষণের জবাব ইভিএমে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি তৃণমূল প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার ডাক দেন। রাজ্যবাসীর সামগ্রিক উন্নয়নের স্বার্থে তৃণমূলের বিকল্প নেই বলে তিনি জোরালো সওয়াল করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *