বিজেপি দফতরে প্রার্থী নিয়ে তীব্র ক্ষোভ: পরিস্থিতি সামাল দিতে আসরে নেতৃত্ব – এবেলা
এবেলা ডেস্কঃ
বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই রাজ্য রাজনীতিতে উত্তাপ বাড়ছে। বেলেঘাটা সহ একাধিক বিধানসভা কেন্দ্রে দলের প্রার্থী পছন্দ না হওয়ায় ক্ষুব্ধ কর্মীরা সরাসরি রাজ্য বিজেপি দফতরের সামনে বিক্ষোভে ফেটে পড়েন। মূলত বেলেঘাটার বিজেপি প্রার্থী পার্থ চৌধুরীর নাম ঘোষণার পরেই স্থানীয় কর্মীদের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়, যা পরবর্তীতে হাতাহাতি ও স্লোগানবাজির রূপ নেয়।
পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় দলের বিক্ষুব্ধ কর্মীদের শান্ত করতে ময়দানে নামেন বিজেপির রাজ্য নেতৃত্ব। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় এবং শমীক ভট্টাচার্য সরাসরি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে বিশৃঙ্খলা দমনের চেষ্টা করেন। দলীয় কার্যালয়ের সামনে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।
নির্বাচনের মুখে এই গোষ্ঠীদ্বন্দ্ব ও প্রার্থী-অসন্তোষ বঙ্গ বিজেপির অস্বস্তি বাড়িয়েছে। ক্ষুব্ধ কর্মীদের দাবি, স্থানীয় ভাবাবেগকে গুরুত্ব দিয়ে প্রার্থী নির্বাচন করা হোক। নেতৃত্ব সাফ জানিয়েছেন যে, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে এবং দলের শৃঙ্খলা বজায় রাখতে তারা বদ্ধপরিকর। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও কর্মীদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।

