লেটেস্ট নিউজ

বিজেপি দফতরে প্রার্থী নিয়ে বিক্ষোভ, সল্টলেকে ‘বহিরাগত’ ইস্যুতে সরব কর্মী-সমর্থকরা – এবেলা

এবেলা ডেস্কঃ

সল্টলেকের বিজেপি নির্বাচনী কার্যালয়ের সামনে প্রার্থী তালিকা নিয়ে তুমুল বিক্ষোভ দেখালেন দলীয় কর্মী ও সমর্থকরা। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতা ছাড়ার পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মূলত চন্দননগরের প্রার্থী হিসেবে দীপাঞ্জন গুহর নাম ঘোষণা হতেই এই অসন্তোষের সূত্রপাত। বিক্ষোভকারীদের দাবি, বহিরাগত প্রার্থীকে সরিয়ে স্থানীয় কাউকে সুযোগ দিতে হবে। এর আগে ২০২১ সালে একই কেন্দ্রে পরাজিত হওয়া দীপাঞ্জনকে পুনরায় মনোনয়ন দেওয়ায় ক্ষোভ আরও বেড়েছে।

বিক্ষোভের আঁচ কেবল সল্টলেকেই সীমাবদ্ধ নেই, বরং রাজ্যের উত্তর থেকে দক্ষিণ—কোচবিহার থেকে বেলেঘাটা পর্যন্ত ছড়িয়ে পড়েছে। বুধবার চন্দননগরের জিটি রোডে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও শনিবার সেই একই প্রতিবাদের ঢেউ এসে আছড়ে পড়ে সল্টলেক কার্যালয়ের সামনে। গেরুয়া শিবিরের বিক্ষুব্ধ কর্মীরা দলীয় পতাকা হাতে নিয়ে ‘দূর হঠাও’ স্লোগান তুলে তাঁদের আপত্তির কথা জানান।

বিজেপির আরও ১৯টি আসনে প্রার্থীর নাম ঘোষণা হওয়া বাকি রয়েছে। তার আগেই যেভাবে ঘরোয়া কোন্দল ও প্রার্থী নিয়ে অসন্তোষ প্রকাশ্যে আসছে, তা সামলাতে রীতিমতো নাজেহাল পদ্ম শিবির। কোচবিহার, বলাগড় ও উদয়নারায়ণপুরের মতো বিভিন্ন এলাকায় একই চিত্র ধরা পড়ায় বঙ্গ বিজেপির নেতৃত্বের কাছে এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দলীয় শৃঙ্খলা বজায় রাখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *