বিজেপি প্রার্থীর প্রচারে রণক্ষেত্র বাসন্তী! পুলিশকে বেধড়ক মারধর ও চরম উত্তেজনা – এবেলা
এবেলা ডেস্কঃ
ভোটের মুখে উত্তপ্ত বাসন্তী! বিজেপি প্রার্থীর মিছিলে হামলা ও পুলিশ আক্রান্ত হওয়ায় ছড়াল ব্যাপক আতঙ্ক। পরিস্থিতি সামাল দিতে আসরে নামল কেন্দ্রীয় বাহিনী।
দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে বিজেপি প্রার্থী বিকাশ সরদারের জনসংযোগ কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটল। প্রচার চলাকালীন বিজেপি প্রার্থীকে মারধর ও এলাকা ছাড়া করার চেষ্টার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। উত্তেজনা চরমে পৌঁছালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে খোদ পুলিশ কর্মীরাই আক্রান্ত হন। বেশ কয়েকজন পুলিশ কর্মী গুরুতর জখম হয়েছেন বলে খবর।
তৃণমূল অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৮ জনকে আটক করেছে। বর্তমানে এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গেও বিক্ষোভকারীদের বচসা হয়, তবে দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তারা। বিধানসভা নির্বাচনের আগে এই হিংসার ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

