বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের – এবেলা
এবেলা ডেস্কঃ
বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে ভোট প্রচারে বেরিয়ে বিপাকে বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র। প্রচারের মাঝেই এক ব্যক্তির হাতে টাকা তুলে দেওয়ার একটি ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই ঘটনাকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বলে দাবি করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস।
তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের অভিযোগ, বিজেপি অর্থের জোরে ভোট কেনার চেষ্টা করছে। অন্যদিকে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপি প্রার্থী। তাঁর দাবি, মন্দিরের এক পরিচিত ব্যক্তি পুজোর জন্য সাহায্য চেয়েছিলেন, তাই মানবিক খাতিরে সামান্য অর্থ দিয়েছেন তিনি। এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। এই ভাইরাল ভিডিও ঘিরে এখন সরগরম বর্ধমানের রাজনীতি।

