লেটেস্ট নিউজ

বিজেপি প্রার্থী নিয়ে তীব্র অসন্তোষ, কার্যালয়ে ভাঙচুর ও গণ-ইস্তফার হুঁশিয়ারি – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরির নাম ঘোষণা হতেই দলের অন্দরে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। ক্ষুব্ধ দলীয় কর্মীদের অভিযোগ, সংগঠনের বাইরের একজনকে প্রার্থী করায় এলাকায় জনরোষ তৈরি হয়েছে। শনিবার খড়্গপুরে বিজেপির জেলা কার্যালয়ে চড়াও হয়ে বিক্ষুব্ধরা ব্যাপক ভাঙচুর চালান এবং চেয়ার-টেবিল ও সিসিটিভি ক্যামেরা ক্ষতিগ্রস্ত করেন।

বিক্ষোভকারীদের দাবি, প্রার্থী রমাপ্রসাদ গিরি পুরনো কর্মীদের অবজ্ঞা করে তৃণমূল থেকে আসা ব্যক্তিদের নিয়ে কাজ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবিলম্বে প্রার্থী বদলের দাবি জানিয়েছেন স্থানীয় নেতারা। অন্যথায় বুথ ও মণ্ডল সভাপতিসহ প্রায় ৩০০ জন সদস্য সম্মিলিতভাবে পদত্যাগ করার চরম হুঁশিয়ারি দিয়েছেন। আন্দোলনকারীরা তাঁদের পদত্যাগপত্র নিয়ে জেলা কার্যালয়ে অবস্থান বিক্ষোভে শামিল হন।

মধ্য মণ্ডলের সম্পাদক প্রদীপ মণ্ডল জানান, প্রার্থী নিয়ে আপত্তির কথা রাজ্য ও জেলা নেতৃত্বকে জানানো হলেও কোনো সুরাহা হয়নি। প্রার্থীর একতরফা কাজকর্মে সংগঠনের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে তাঁদের অভিযোগ। জেলা নেতৃত্ব জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে দ্রুত অবহিত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *