বিতর্কিত মিউজিক ভিডিওতে অশালীনতার অভিযোগ: নোরা ও সঞ্জয় দত্তকে জাতীয় মহিলা কমিশনের তলব – এবেলা
এবেলা ডেস্কঃ
কন্নড় ছবি ‘কেডি দ্য ডেভিল’-এর ‘সারকে চুনার’ গানে অশালীন ভাষা ও আপত্তিকর দৃশ্য উপস্থাপনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল জাতীয় মহিলা কমিশন। এই ঘটনায় অভিনেত্রী নোরা ফতেহি, অভিনেতা সঞ্জয় দত্ত এবং গায়ক বাদশাসহ একাধিক তারকাকে তলব করা হয়েছে। কমিশনের দাবি, সংশ্লিষ্ট মিউজিক ভিডিওটির বিষয়বস্তু ভারতীয় আইনের একাধিক ধারার পরিপন্থী।
বিতর্কিত এই গানটি প্রকাশ্যে আসার পরপরই তীব্র সমালোচনার মুখে পড়ে এবং ২৪ ঘণ্টার মধ্যে তা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়। কেন্দ্র সরকারের পক্ষ থেকেও গানটি নিষিদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও নোরা ফতেহি দাবি করেছেন, তিনি তিন বছর আগে কন্নড় সংস্করণের শুটিং করেছিলেন এবং হিন্দি সংস্করণ নিয়ে আগেই আপত্তি জানিয়েছিলেন।
আগামী ২৪ মার্চ সংশ্লিষ্ট তারকা, গীতিকার ও প্রযোজকদের সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে মহিলা কমিশন। পাশাপাশি বাদশার একটি গানের কথা ও দৃশ্য নিয়েও স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের করা হয়েছে। সুস্থ বিনোদনের পরিবেশ বজায় রাখতে এবং সাংস্কৃতিক সংবেদনশীলতা রক্ষায় কমিশন এই কঠোর অবস্থান গ্রহণ করেছে।

