বিদায়ের তালিকায় প্রথম নাম ওমান, সুপার এইটের স্বপ্নে জল ঢেলে কপাল পুড়ল এই দলের – এবেলা
এবেলা ডেস্কঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সবার আগে ছিটকে গেল ওমান। টানা তিন ম্যাচে হারের পর ওমানের সুপার এইটে যাওয়ার সব রাস্তা এখন বন্ধ। আয়ারল্যান্ডের কাছে শনিবারের হার কার্যত টুর্নামেন্ট থেকে তাদের বিদায় নিশ্চিত করে দিয়েছে।
‘বি’ গ্রুপে ওমানের অবস্থা এখন তথৈবচ। তিনটি ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি তারা। তাদের ঝুলিতে এখন শূন্য পয়েন্ট। আগামী ২০ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওমান তাদের শেষ ম্যাচ খেলবে। তবে সেই ম্যাচে জিতলেও ওমানের পয়েন্ট হবে মাত্র ২। অন্যদিকে এই গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ে ইতিমধ্যেই ৪ পয়েন্ট সংগ্রহ করে সুবিধাজনক অবস্থানে রয়েছে। ফলে গাণিতিক হিসেবেও ওমানের আর সামনে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।
ওমানের এই বিদায়ের বিষাদের মাঝেই বিশ্বজুড়ে ক্রিকেট ভক্তদের উন্মাদনা এখন তুঙ্গে। কারণ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে ক্রিকেটের মহারণ ভারত বনাম পাকিস্তান দ্বৈরথ। ওমানের বিদায় ছাপিয়ে এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের এই ব্লকবাস্টার ম্যাচ।

