বিধাননগরে হেভিওয়েট লড়াই: সুজিত বসুর বিপরীতে জনসংযোগে জোর দিচ্ছেন সিপিএমের সৌম্যজিৎ রাহা – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন বিধানসভা নির্বাচনে বিধাননগর কেন্দ্রে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী তথা মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী অ্যাডভোকেট সৌম্যজিৎ রাহা। দীর্ঘ ২৪ বছর ধরে আইন পেশায় যুক্ত সৌম্যজিৎবাবু সোশ্যাল মিডিয়ায় প্রচারের চেয়ে সরাসরি জনসংযোগেই বেশি গুরুত্ব দিচ্ছেন। পেশাগত দায়বদ্ধতা সামলে প্রতিদিন সকাল-বিকেল ব্লকে ব্লকে মিছিল ও বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের আশীর্বাদ চাইছেন তিনি।
সোমবার বিকেলে সল্টলেক করুণাময়ী থেকে শুরু হওয়া এক বর্ণাঢ্য মিছিলে অংশ নেন এই বাম প্রার্থী। মিছিলটি ই-ই ব্লক ও ডি-এল ব্লক হয়ে সি-কে মার্কেটে গিয়ে শেষ হয়। পথচলতি মানুষের সঙ্গে আলাপচারিতার পাশাপাশি পুরনো মক্কেলদের থেকেও ইতিবাচক সাড়া পাচ্ছেন তিনি। ২০১৩ সালের উপ-নির্বাচনে অল্প ব্যবধানে পরাজিত হলেও, এবার পূর্ণাঙ্গ বিধানসভা ভোটে জয়ের ব্যাপারে তিনি যথেষ্ট আশাবাদী।
প্রচার চলাকালীন সৌম্যজিৎ রাহা অভিযোগ করেন, বর্তমান শাসনামলে রাজ্যের গণতান্ত্রিক ও সাংবিধানিক কাঠামো সংকটের মুখে। শিক্ষা, স্বাস্থ্য ও নারী নিরাপত্তার অবনতিসহ দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে তিনি সাধারণ মানুষকে বামপন্থীদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। অন্যদিকে, একই দিনে নিউটাউন এলাকায় বিজেপি প্রার্থী পিযূষ কানোরিয়া এবং তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়ও নিজ নিজ সমর্থনে জোরদার প্রচার ও কর্মীসভা করেছেন।

