লেটেস্ট নিউজ

বিধানসভা নির্বাচনের মুখে প্রশাসনে বড় রদবদল, ৩০ আমলার বদলির নির্দেশ নবান্নের – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আবহে প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল ঘটাল নবান্ন। সোমবার রাজ্য সরকারের কর্মিবিনিয়োগ দফতরের ডব্লিউবিসিএস সেল থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আরও ৩০ জন আধিকারিককে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এই নির্দেশিকা গত ১৩ মার্চ জারি করা হয়েছিল, তবে তা প্রকাশ্যে আসে সোমবার সকালে। জনস্বার্থে প্রশাসনিক কাজে গতি আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই রদবদলের ফলে উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর ২৪ পরগনা সহ একাধিক জেলায় নতুন অতিরিক্ত জেলাশাসক (এডিএম) নিয়োগ করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, অনন্তচন্দ্র সরকারকে উত্তর দিনাজপুরের এডিএম এবং সুদীপ্ত দাসকে নদিয়ার এডিএম পদে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি, শুভলক্ষ্মী বসু ও ব্রিজিত সুচিতা কুজুরকে উত্তর ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক হিসেবে পাঠানো হয়েছে। এছাড়া বেশ কয়েকজন আধিকারিককে নবান্নের বিভিন্ন দফতরে যুগ্ম সচিব পদে আনা হয়েছে।

প্রশাসনিক সূত্রের খবর, নির্বাচনকালীন কাজ দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন করার লক্ষ্যেই এই পদক্ষপে নেওয়া হয়েছে। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরপরই আমলা স্তরে এই ব্যাপক রদবদল প্রশাসনিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে। পর্যবেক্ষকদের মতে, নির্বাচনের আগে জেলাস্তরে প্রশাসনিক প্রস্তুতি আরও জোরদার করতেই অভিজ্ঞ আধিকারিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। এই রদবদলের মাধ্যমে রাজ্য প্রশাসন নির্বাচনী প্রক্রিয়ার আগে নিজেদের পরিকাঠামোকে আরও সুসংগঠিত করতে চাইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *