বিপিএল কি অনিশ্চিত? অশান্ত বাংলাদেশে বিদেশিদের নিরাপত্তা ও টুর্নামেন্ট নিয়ে বড় আপডেট – এবেলা
এবেলা ডেস্কঃ
ওসমান হাদির মৃত্যু পরবর্তী সহিংসতা ও সংবাদমাধ্যম দপ্তরে হামলার ঘটনায় উত্তপ্ত বাংলাদেশ। ময়মনসিংহে যুবককে পিটিয়ে খুনের ঘটনায় আন্তর্জাতিক স্তরে উদ্বেগ বাড়ায় বিপিএলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পরিস্থিতির জেরে ইতোমধ্যেই বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে বিসিবি সহ-সভাপতি সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ২৬ ডিসেম্বর নির্ধারিত দিনেই টুর্নামেন্ট শুরু হবে। নিরাপত্তা নিশ্চিত করতে বোর্ড নিয়মিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ রাখছে।
বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা থাকলেও ঢাকা ক্যাপিটালস কর্তৃপক্ষ আত্মবিশ্বাসী। ফ্র্যাঞ্চাইজিটি ২১ ডিসেম্বর থেকেই অনুশীলনের প্রস্তুতি নিচ্ছে। যদিও অস্থিরতার কারণে টুর্নামেন্ট এক সপ্তাহ পিছিয়ে যাওয়ার গুঞ্জন ছিল, বোর্ড সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছে। আপাতত খেলোয়াড়দের টিকিট ও আবাসনের সব ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে আয়োজক দলগুলো। বিপিএল আয়োজন সফল করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বিসিবি।

