লেটেস্ট নিউজ

বিমানের টিকিটে আকাশছোঁয়া দামের ইঙ্গিত! যুদ্ধের আবহে শুল্ক ছাড়ের আর্জি এয়ারলাইন্সগুলির – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে বিমান জ্বালানির (এটিএফ) দাম প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই সংকটজনক পরিস্থিতিতে এয়ার টারবাইন ফুয়েলের ওপর ধার্য কেন্দ্রীয় আবগারি শুল্ক ও রাজ্যের ভ্যাট সাময়িকভাবে প্রত্যাহারের আবেদন জানিয়ে অসামরিক বিমান পরিবহন মন্ত্রককে চিঠি দিয়েছে বিমান সংস্থাগুলি। জ্বালানির অতিরিক্ত খরচের কারণে অনেক সংস্থাই ইতিমধ্যে উড়ানের সংখ্যা কমিয়ে দিয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে ‘উড়ান’ প্রকল্পের আওতাভুক্ত ছোট শহরগুলির ওপর।

জ্বালানির ওপর সারচার্জ বৃদ্ধির ফলে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। বিমান সংস্থাগুলির দাবি, যুদ্ধের সময়কাল পর্যন্ত শুল্ক স্থগিত না রাখলে পরিষেবা স্বাভাবিক রাখা আসাম্ভব হয়ে পড়বে। তবে ওয়াকিবহাল মহলের মতে, জ্বালানি কর রাজস্বের প্রধান উৎস হওয়ায় সরকার এই আবেদনে সাড়া দেওয়ার সম্ভাবনা ক্ষীণ। ফলে লোকসান সামাল দিতে এপ্রিল মাস থেকেই বিমান ভাড়া এক ধাক্কায় অনেকটা বেড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।

অন্যদিকে, যুদ্ধের প্রভাবে শুধুমাত্র বিমান পরিষেবাই নয়, সিমেন্ট, স্টিল ও বস্ত্রশিল্পেও ধস নামার আশঙ্কা দেখা দিয়েছে। কাঁচামালের অভাবে সুরাত ও মহারাষ্ট্রের বহু টেক্সটাইল ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়ছেন হাজার হাজার পরিযায়ী শ্রমিক। বিয়ের মরশুমের ঠিক আগেই বস্ত্রশিল্পের এই অচলাবস্থা অভ্যন্তরীণ বাজারে পোশাক-আশাকের দাম বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে, যা সাধারণ গ্রাহকদের পকেটে বাড়তি চাপ সৃষ্টি করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *