বিমানের টিকিটে বড় ধাক্কা! আজ থেকেই ইন্ডিগোর ভাড়ায় ব্যাপক বৃদ্ধি, জানুন নতুন রেট চার্ট

আন্তর্জাতিক বাজারে তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে বড় সিদ্ধান্ত নিল দেশের অন্যতম প্রধান বিমান সংস্থা ইন্ডিগো। আজ থেকেই কার্যকর হয়েছে বর্ধিত বিমান ভাড়া, যা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক— উভয় রুটের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। মূলত পশ্চিম এশিয়ার চলমান সংঘর্ষের প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের সরবরাহ ব্যাহত হওয়ায় ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ১০৫ ডলার ছাড়িয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে বিমান জ্বালানির (ATF) ওপর, যার ফলে খরচ সামলাতে যাত্রীভাড়ায় সারচার্জ বসাতে বাধ্য হয়েছে এই সংস্থা।
অভ্যন্তরীণ রুটের ক্ষেত্রে দূরত্বের ভিত্তিতে অতিরিক্ত ফুয়েল চার্জ ধার্য করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, ৫০০ কিমি পর্যন্ত দূরত্বের জন্য অতিরিক্ত ২৭৫ টাকা এবং ৫০০ থেকে ১০০০ কিমির জন্য ৪০০ টাকা বেশি দিতে হবে। ১০০০ থেকে ১৫০০ কিমি দূরত্বের ক্ষেত্রে ৬০০ টাকা এবং ১৫০০ থেকে ২০০০ কিমি পর্যন্ত ৮০০ টাকা বাড়তি গুনতে হবে যাত্রীদের। এছাড়া ২০০০ কিমির বেশি দূরত্বের ক্ষেত্রে মূল ভাড়ার সঙ্গে অতিরিক্ত ৯৫০ টাকা যোগ হবে।
আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে পকেটে টান পড়বে আরও বেশি। ইউরোপ এবং যুক্তরাজ্যের রুটে ভাড়া বেড়েছে প্রায় ১০,০০০ টাকা পর্যন্ত। মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে ৩,০০০ থেকে ৫,০০০ টাকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়া ও চিনের ক্ষেত্রে ৩,৫০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত বাড়তি চার্জ দিতে হবে। এছাড়া আফ্রিকার রুটেও প্রায় ৫,০০০ টাকা ভাড়া বৃদ্ধি পেয়েছে। গত মার্চ মাসে একবার চার্জ বাড়ানোর পর তেলের দামের উর্ধ্বগতির কারণে পুনরায় এই সিদ্ধান্ত নিল সংস্থাটি।
ইন্ডিগো কর্তৃপক্ষের দাবি, তাদের মোট পরিচালনা ব্যয়ের প্রায় ৪০ শতাংশই ব্যয় হয় জ্বালানির পেছনে। বর্তমান পরিস্থিতিতে এটিএফ-এর দাম আকাশছোঁয়া হওয়ায় ভাড়া বাড়ানো ছাড়া বিকল্প কোনো পথ ছিল না। জ্বালানির দামের এই ব্যাপক প্রভাব সরাসরি সাধারণ যাত্রীদের ওপর পড়ায় উদ্বেগের সৃষ্টি হয়েছে বিমান পরিষেবা ক্ষেত্রে। পরিস্থিতি মোকাবিলায় সংস্থাটির পক্ষ থেকে সরকারি হস্তক্ষেপের প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে।
