বিমানে বোমা! হুমকি দিল কে? ১৩০ যাত্রীকে তলব করল পুলিশ – এবেলা
এবেলা ডেস্কঃ
বিমানে বোমাতঙ্কের নেপথ্যে কি তবে লুকিয়ে রয়েছে কোনো ব্যর্থ প্রেমের গল্প? গত ভ্যালেন্টাইন্স ডে-তে ইন্ডিগোর দুটি ফ্লাইটে বোমার হুমকির ঘটনায় দানা বাঁধছে রহস্য। চাঞ্চল্যকর এই ঘটনায় তদন্তের স্বার্থে ১৩০ জন যাত্রীকে থানায় তলব করেছে পুলিশ।
তদন্তকারীরা জানাচ্ছেন, মাঝ আকাশে বিমানের শৌচাগারের আয়নায় লিপস্টিক দিয়ে লেখা হয়েছিল হুমকির বার্তা। অন্য একটি ফ্লাইটে মিলেছে হাতে লেখা চিরকুট। পুরনো একটি ঘটনার উদাহরণ টেনে পুলিশ জানাচ্ছে, এর আগে এয়ারহস্টেসের কাছে প্রেমে প্রত্যাখ্যাত হয়ে এক ব্যবসায়ী বিমানে বোমার গুজব ছড়িয়েছিলেন। এবারের ঘটনাতেও কি একই রকম কোনো ব্যক্তিগত আক্রোশ কাজ করছে?
সিসিটিভি ফুটেজ না থাকায় অপরাধীকে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। তাই সন্দেহভাজনদের হাতের লেখার নমুনা সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে বিমানবন্দর থানা। এই তালিকায় যাত্রী থেকে শুরু করে এয়ারলাইন্স কর্মী—বাদ যাচ্ছেন না কেউই। নিছক মজা নাকি দীর্ঘদিনের ক্ষোভ, কোন রহস্যের জট খোলে এই তদন্তে, এখন সেটাই দেখার।
