লেটেস্ট নিউজ

বিয়ের আসরেই অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠ পলাশ? স্মৃতি মান্ধানার বিয়ে ভাঙা নিয়ে বিস্ফোরক তথ্য – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতীয় মহিলা ক্রিকেট দলের মহাতারকা স্মৃতি মান্ধানা এবং সংগীত পরিচালক পলাশ মুচ্ছলের দীর্ঘ ছয় বছরের সম্পর্কে বড়সড় ফাটল ধরার খবর এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। গত ২৩ নভেম্বর ঘটা করে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল এই চর্চিত জুটির, কিন্তু শেষ মুহূর্তে অজ্ঞাত কারণে তা বাতিল হয়ে যায়। এবার সেই রহস‍্যের ওপর থেকে পর্দা সরালেন স্মৃতির ছোটবেলার বন্ধু বিজ্ঞান মানে, যার দাবি ঘিরে ক্রীড়া ও বিনোদন জগতে তোলপাড় শুরু হয়েছে।

বেডরুম কাণ্ড ও ক্রিকেটারদের ক্ষোভ

একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে বিজ্ঞান মানে অভিযোগ করেছেন, বিয়ের ঠিক আগেই পলাশ মুচ্ছলকে অন্য এক মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন স্মৃতি ও তাঁর সঙ্গীরা। অভিযোগটি আরও চাঞ্চল্যকর হয়ে ওঠে যখন তিনি জানান, পলাশের এই কাণ্ড দেখে সেখানে উপস্থিত মহিলা ক্রিকেটাররা নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং পলাশকে মারধর করেন। এই ঘটনার পরই স্মৃতি তৎক্ষণাৎ বিয়ে বাতিলের সিদ্ধান্ত নেন বলে সূত্রের খবর।

৪০ লক্ষ টাকার আর্থিক প্রতারণার অভিযোগ

বিতর্ক কেবল সম্পর্কের টানাপোড়নেই সীমাবদ্ধ থাকেনি, এতে যোগ হয়েছে বড় অঙ্কের আর্থিক কেলেঙ্কারির অভিযোগ। বিজ্ঞানের দাবি, পলাশের পরিবার তাঁর কাছ থেকে ‘নাজারিয়া’ প্রজেক্টে বিনিয়োগের নাম করে ৪০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এখন আরও ১০ লক্ষ টাকা দাবি করে পলাশের মা অমিতা মুচ্ছল তাঁকে ব্ল্যাকমেল করছেন বলেও অভিযোগ। টাকা না দিলে পুরনো টাকা ফেরত দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হচ্ছে। এই ঘটনার পর পলাশ ও তাঁর পরিবার বিজ্ঞানকে ফোনে ব্লক করে দিলে তিনি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হন।

পলাশের পাল্টা জবাব ও স্মৃতির নীরবতা

নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পলাশ মুচ্ছল। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি জানিয়েছেন, বিজ্ঞান মানে তাঁর সুনাম নষ্ট করার জন্য সম্পূর্ণ মিথ্যা গল্প সাজিয়েছেন। আইনজীবী শ্রেয়াংশ মিঠারের মাধ্যমে তিনি আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। তবে বিজ্ঞানও দমবার পাত্র নন; তিনি জানিয়েছেন, তাঁর কাছে কল রেকর্ডিং ও চ্যাটসহ সমস্ত অকাট্য প্রমাণ রয়েছে যা তিনি পুলিশ ও সংবাদমাধ্যমের হাতে তুলে দেবেন।

গোটা বিষয় নিয়ে স্মৃতি মান্ধানা এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি। মাঠের হিটার স্মৃতি ব্যক্তিগত জীবনের এই কঠিন পিচ কীভাবে সামলান, এখন সেটাই দেখার। পুলিশি তদন্ত শেষেই স্পষ্ট হবে—এটি কি কেবলই ব্যক্তিগত শত্রুতা নাকি পলাশের বিরুদ্ধে ওঠা অভিযোগের আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো বড় সত্যি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *