বিরাটি কলেজের নয়া ক্যাম্পাস খুলল নিমতায় পড়ুয়াদের সুবিধায় বড় পদক্ষেপ রাজ্যের – এবেলা
এবেলা ডেস্কঃ
উত্তর শহরতলির শিক্ষা মানচিত্রে যুক্ত হল নতুন পালক। সোমবার নিমতার ফতুল্লাপুরে বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠের দ্বিতীয় ক্যাম্পাসের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন উত্তর দমদমের বিধায়ক তথা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ভার্চুয়ালি এই প্রকল্পের উদ্বোধন করে তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নতির এক উজ্জ্বল নিদর্শন এই ক্যাম্পাস। একটি কলেজের নিজস্ব দ্বিতীয় ক্যাম্পাস তৈরির এই উদ্যোগ বিরাটি, নিমতা-সহ বিস্তীর্ণ এলাকার ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় প্রভূত সাহায্য করবে।
কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে ১১৮ কাঠা জমির ওপর নির্মিত এই বিশাল ক্যাম্পাসটি তৈরিতে আনুমানিক ১৭ কোটি টাকা ব্যয় হয়েছে। এদিনের অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি প্রফেসর রামানুজ গঙ্গোপাধ্যায়, কলেজের অধ্যক্ষ ডঃ দীপক বিশ্বাস এবং উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস। এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে অংশ নেন। পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত এই কলেজে নতুন ক্যাম্পাসের মাধ্যমে আধুনিক ও প্র্যাকটিক্যালধর্মী নানা বিষয় চালু করার পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। মূলত কর্মমুখী ও বাস্তবমুখী শিক্ষা প্রদানের লক্ষ্যেই এই পরিকাঠামো গড়ে তোলা হয়েছে, যা ভবিষ্যতে পড়ুয়াদের পেশাদার জীবনে বিশেষ সহায়ক হবে।

