বিরাটের লড়াইয়ে কি বাগড়া দেবে বৃষ্টি? চিন্নাস্বামীতে হাইভোল্টেজ উদ্বোধনী ম্যাচের আগে বড় আপডেট – এবেলা
এবেলা ডেস্কঃ
আইপিএল ২০২৬-এর ঢাকে কাঠি পড়তে না পড়তেই ক্রিকেটপ্রেমীদের নজর বেঙ্গালুরুর আকাশের দিকে। চিন্নাস্বামী স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদের মেগা লড়াই ঘিরে তুঙ্গে উন্মাদনা। তবে খেলার মাঝে কি জল ঢালবে প্রকৃতি? আবহাওয়ার পূর্বাভাস বলছে, শনিবার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকায় বিঘ্ন ছাড়াই সম্পন্ন হবে উদ্বোধনী অনুষ্ঠান ও মূল ম্যাচ।
গতবারের আইপিএলে বেঙ্গালুরুতে ঘটে যাওয়া মর্মান্তিক পদপিষ্টের ঘটনার পর এই প্রথম ঘরের মাঠে নামছে আরসিবি। সেই স্মৃতি বুকে নিয়েই সতর্কতামূলক ব্যবস্থার চাদরে মুড়ে ফেলা হয়েছে স্টেডিয়াম। মৃত ১১ জন সমর্থকের প্রতি শ্রদ্ধা জানাতে গ্যালারিতে ১১টি আসন ফাঁকা রাখা হচ্ছে এবং বিরাট কোহলিরা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন।
পিচের আচরণ নিয়েও চলছে কাটাছেঁড়া। এমনিতে চিন্নাস্বামী ব্যাটারদের স্বর্গরাজ্য হলেও গত মরসুমে এখানে রানের জন্য রীতিমতো লড়াই করতে হয়েছিল ক্রিকেটারদের। এবারও পিচ মন্থর থাকলে ১৮০ রানই হতে পারে চ্যালেঞ্জিং স্কোর। রাতের দিকে শিশির বড় ভূমিকা নিতে পারে, যা টসজয়ী দলের জন্য বাড়তি সুবিধা এনে দেবে। সব মিলিয়ে এক আবেগঘন ও রোমহর্ষক লড়াইয়ের অপেক্ষায় বেঙ্গালুরু।

/indian-express-bangla/media/media_files/2025/11/19/virat-kohli-2025-11-19-18-36-50.jpg?ssl=1)