বিরাট-রোহিতের অবসর ও খেলোয়াড়দের স্ত্রীদের ভূমিকা নিয়ে যোগরাজ সিংয়ের বিতর্কিত মন্তব্য – এবেলা
এবেলা ডেস্কঃ
সাবেক ক্রিকেটার যোগরাজ সিং সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেটারদের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, ভারতে খেলোয়াড়দের অকাল অবসরের পেছনে তাদের স্ত্রী ও পরিবারের চাপ বড় ভূমিকা পালন করে। যোগরাজের মতে, বিয়ের পর স্ত্রীরা কোচের ভূমিকায় অবতীর্ণ হয়ে স্বামীদের খেলা ছেড়ে পরিবার ও সন্তানের দিকে মনোনিবেশ করতে বাধ্য করেন, যা একজন খেলোয়াড়কে কিংবদন্তি হয়ে ওঠার পথে বাধা সৃষ্টি করে।
নারীদের শারীরিক গঠন ও বয়স নিয়েও বিতর্কিত মন্তব্য করেছেন যুবরাজ সিংয়ের বাবা। তিনি জানান, ৩০ বছর বয়সের পর নারীদের শারীরিক পরিবর্তন এবং বয়সের অজুহাতে ফিটনেস নিয়ে অবহেলা করার মানসিকতা তাকে ব্যথিত করে। তার মতে, বয়স কেবল একটি সংখ্যা মাত্র এবং খেলোয়াড়দের নিজেদের ঈশ্বরের প্রতি উৎসর্গ করা উচিত। শরীরিক সক্ষমতা থাকলে ৫০ বছর বয়সেও দ্বিশতরান করে দলে টিকে থাকা সম্ভব বলে তিনি বিশ্বাস করেন।
বর্তমানে ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসরের গুঞ্জন নিয়েও সরব হয়েছেন যোগরাজ। তিনি তাদের খেলা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে বলেন, অল্প বয়সে মাঠ ছেড়ে দেওয়া হবে আজীবনের লজ্জা। সারা বিশ্বকে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার আহ্বান জানিয়ে তিনি বয়সের দোহাই দিয়ে প্রতিভাকে থামিয়ে দেওয়ার ভারতীয় সংস্কৃতিকে হাস্যকর বলে অভিহিত করেছেন। তার এই লিঙ্গবৈষম্যমূলক ও কড়া মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে।

