বিরাট-রোহিতের অবসর ও গম্ভীরের ‘ভুলস্বীকার’, ভারতীয় ক্রিকেটে নতুন জল্পনা – এবেলা
এবেলা ডেস্কঃ
বিরাট কোহলি ও রোহিত শর্মার টেস্ট অবসর নিয়ে দীর্ঘদিনের জল্পনায় নতুন মাত্রা যোগ করলেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। কলকাতায় এক অনুষ্ঠানে বিষ্ফোরক মন্তব্য করে তিনি জানান, গত ১৮ মাসে তিনি কিছু ভুল করেছেন, তবে তাঁর প্রতিটি সিদ্ধান্তের নেপথ্যে উদ্দেশ্য ছিল সৎ। গম্ভীরের মতে, ড্রেসিংরুমে সততার সঙ্গে কাজ করাই তাঁর প্রধান লক্ষ্য। সরাসরি দায় স্বীকার না করলেও তাঁর এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য ‘রো-কো’ জুটির বিদায়ের নেপথ্য কারণ হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।
নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সিরিজে বিপর্যয়ের পর বিসিসিআই-এর পর্যালোচনা বৈঠক এবং দলের অভ্যন্তরীণ কড়াকড়ির পরেই দুই মহাতারকা টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ান। যদিও তাঁরা ওডিআই ফরম্যাটে খেলা চালিয়ে যাচ্ছেন, তবে ২০২৭ সালের বিশ্বকাপের কথা মাথায় রেখে গম্ভীর স্পষ্ট করে দিয়েছেন যে, দলে কারও জায়গাই এখন আর নিশ্চিত নয়। পারফরম্যান্সই হবে দলে টিকে থাকার একমাত্র মাপকাঠি।
বর্তমানে শুভমান গিলের নেতৃত্বে ভারতীয় টেস্ট দল এক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের পারফরম্যান্স মিশ্র হলেও, গম্ভীর ও গিলের জুটিতে টিম ইন্ডিয়ার এক নতুন ঘরানা তৈরি হচ্ছে। বিসিসিআই ও নির্বাচক কমিটি এখন তরুণ প্রজন্মের ওপর বেশি ভরসা রাখছে, যা ভারতীয় ক্রিকেটে এক নতুন যুগের সূচনা হিসেবেই বিবেচিত হচ্ছে।

