বিলাসবহুল লাউঞ্জে প্রবেশে বড় কোপ! পকেটে HDFC ডেবিট কার্ড থাকলে আজই জানুন এই কড়া নিয়ম – এবেলা
এবেলা ডেস্কঃ
দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক HDFC তাদের ডেবিট কার্ডের নিয়মে বড়সড় পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী, বিমানবন্দরের লাউঞ্জে আর সরাসরি কার্ড পাঞ্চ করে বিনামূল্যে প্রবেশ করা যাবে না। এখন থেকে প্রতি তিন মাসে কার্ডের মাধ্যমে কেনাকাটায় কমপক্ষে ১০ হাজার টাকা খরচ করলে তবেই মিলবে লাউঞ্জ অ্যাক্সেসের ডিজিটাল ভাউচার। তবে ইউপিআই বা ক্রেডিট কার্ডের বিল মেটানোর মতো লেনদেন এই খরচের তালিকায় অন্তর্ভুক্ত হবে না।
যোগ্য গ্রাহকরা এসএমএস বা ইমেলের মাধ্যমে একটি কিউআর কোড পাবেন, যা দেখিয়ে লাউঞ্জে প্রবেশ করা যাবে। কার্ডের ধরন ভেদে বছরে বিনামূল্যে প্রবেশের সংখ্যাও নির্দিষ্ট করে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। যেমন, প্ল্যাটিনাম কার্ডে ত্রৈমাসিকে দু’বার এবং মিলেনিয়া কার্ডে একবার এই সুবিধা মিলবে। তবে ইনফিনিটি ডেবিট কার্ড গ্রাহকদের জন্য খরচের এই নতুন শর্ত প্রযোজ্য নয়। গত ১০ জানুয়ারি থেকেই দেশজুড়ে কার্যকর হয়েছে ব্যাংকের এই নয়া নির্দেশিকা।

