বিশেষ বিমানের আবদার? লন্ডনে পাড়ি দেওয়ার জল্পনায় হাসিতেই জবাব দিলেন বিরাট কোহলি – এবেলা
এবেলা ডেস্কঃ
আইপিএল শুরুর আগেই বিরাট কোহলিকে ঘিরে নেট দুনিয়ায় শোরগোল শুরু হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) এই তারকা ক্রিকেটার নাকি প্রতিটি ম্যাচের পর পরিবারের কাছে লন্ডনে যাওয়ার জন্য ফ্র্যাঞ্চাইজির কাছে বিশেষ বিমানের আবদার করেছেন। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরে দাবি করা হয়, ম্যাচের মাঝে বিরতি পেলেই তিনি বিমানে ইংল্যান্ডে উড়ে যাবেন এবং খেলার আগের দিন দেশে ফিরবেন।
অবশেষে এই জল্পনা নিয়ে মুখ খুললেন খোদ ‘কিং’ কোহলি। তবে কোনো দীর্ঘ বিবৃতির পথে না হেঁটে নিজস্ব ঢঙেই জবাব দিয়েছেন তিনি। ইনস্টাগ্রাম স্টোরিতে ওই খবরের ছবি শেয়ার করে কেবল দুটি হাসির ইমোজি দিয়েছেন বিরাট। এর মাধ্যমেই তিনি পরিষ্কার বুঝিয়ে দিলেন যে, বিশেষ বিমানের সুবিধা নিয়ে লন্ডনে যাতায়াতের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব মাত্র।
গত বছর আরসিবির ট্রফি জয়ের পর এবার খেতাব ধরে রাখার লড়াইয়ে কোনো খামতি রাখতে চান না বিরাট। বর্তমানে তিনি আইপিএলের প্রস্তুতিতে সম্পূর্ণ মনোনিবেশ করেছেন। ব্যক্তিগত জীবন ও খেলাকে আলাদা রাখার পাশাপাশি দলের সতীর্থদের লক্ষ্য স্থির করে দেওয়ার দায়িত্বও নিয়েছেন তিনি। বিরাটের এই প্রতিক্রিয়ায় স্পষ্ট যে, আসন্ন টুর্নামেন্টে মাঠের পারফরম্যান্সই এখন তার একমাত্র অগ্রাধিকার।

