বিশ্বকাপের আক্ষেপ ছাপিয়ে বড় হয়ে উঠল পিতৃশোক, জীবনের কঠিন সত্য মেনে নিলেন জিতেশ শর্মা – এবেলা
এবেলা ডেস্কঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ না পাওয়া যেকোনো ক্রিকেটারের জন্যই অত্যন্ত হতাশাজনক। ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার জিতেশ শর্মার ক্ষেত্রেও বিষয়টি তেমনই ছিল। তবে সেই ব্যক্তিগত হতাশা ছাপিয়ে তাঁর জীবনে নেমে আসে আরও বড় বিপর্যয়। বিশ্বকাপ চলাকালীনই পিতৃহারা হন এই ক্রিকেটার। গত ১ ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাঁর বাবা মোহন শর্মা। জীবনের এই কঠিন সময়ে বাবার পাশে থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন জিতেশ।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দলের অংশ থাকায় বিশ্বকাপের স্বপ্নে বুক বেঁধেছিলেন জিতেশ। কিন্তু ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে দলে জায়গা করে নেন ঈশান কিষান। স্বাভাবিকভাবেই বাদ পড়ার খবরটি মেনে নেওয়া জিতেশের জন্য সহজ ছিল না। তিনি জানান, স্কোয়াডে নিজের নাম না দেখে কিছুটা ভেঙে পড়েছিলেন। তবে পরিবার ও বন্ধুদের সমর্থনে সেই পরিস্থিতি কাটিয়ে ওঠেন। পরবর্তীতে কোচ ও নির্বাচকদের সঙ্গে কথা বলে বাদ পড়ার কারণও স্পষ্ট হয় তাঁর কাছে।
বাবার মৃত্যু প্রসঙ্গে আবেগপ্রবণ হয়ে জিতেশ বলেন, “বাবার শেষ সময়ে তাঁর পাশে থাকতে পেরেছি বলে আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। সেই মুহূর্তে বিশ্বকাপের চেয়েও বেশি বাবার আমাকে প্রয়োজন ছিল। টানা সাতদিন আমি তাঁর সঙ্গে ছিলাম। বিশ্বকাপ হয়তো আবার আসবে, কিন্তু বাবাকে তো আর ফিরে পাব না।” বাবার অসুস্থতা এবং শেষ বিদায়ের মুহূর্তে উপস্থিত থাকতে পারাকেই তিনি জীবনের বড় প্রাপ্তি হিসেবে দেখছেন।
বিশ্বকাপে নিজে খেলতে না পারলেও ভারতীয় দলের সাফল্যে তিনি অত্যন্ত আনন্দিত। এশিয়া কাপ জয়ের পর থেকেই দলের লক্ষ্য ছিল বিশ্বজয়, যা পূরণ হওয়ায় সতীর্থদের অভিনন্দন জানিয়েছেন জিতেশ। ব্যক্তিগত শোক এবং আক্ষেপ সরিয়ে রেখে তিনি এখন আগামীর দিকে তাকিয়ে। আসন্ন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে নতুন উদ্যমে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন এই লড়াকু ক্রিকেটার।

