বিশ্বকাপের আগে ভারতের ধাক্কা! চোটে ছিটকে গেলেন সুন্দর – এবেলা
এবেলা ডেস্কঃ
নয়াদিল্লি: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় শিবিরের অস্বস্তি বাড়িয়ে ছিটকে গেলেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। ঋষভ পন্থের পর সুন্দরের এই চোট গৌতম গম্ভীরের পরিকল্পনায় বড়সড় ধাক্কা দিল। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) সরকারিভাবে জানিয়ে দিয়েছে, চোটের গুরুত্ব বিবেচনা করে তাকে একদিনের এবং টি-টোয়েন্টি— উভয় সিরিজ থেকেই বিশ্রাম দেওয়া হয়েছে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম ওডিআই ম্যাচে বোলিং করার সময় পায়ে চোট পান সুন্দর। যন্ত্রণার রেশ থাকা সত্ত্বেও দলের স্বার্থে আট নম্বরে ব্যাটিং করতে নামেন তিনি। চোট নিয়ে মাঠে নামার এই সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট মহলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। বিশ্বকাপের মতো মেগা ইভেন্টের আগে গুরুত্বপূর্ণ এই অলরাউন্ডারের অনুপস্থিতি এখন টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

