বিশ্বকাপে ব্রাত্য হলেও বিসিসিআইয়ের বিচারে সেরা ভারতীয় ক্রিকেটার শুবমান গিলই – এবেলা
এবেলা ডেস্কঃ
জাতীয় দলের টি-২০ বিশ্বকাপ জয়ী স্কোয়াডে জায়গা না হলেও গত বছরের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে বিসিসিআই-এর বর্ষসেরা ক্রিকেটারের সম্মান পেতে চলেছেন শুবমান গিল। আগামী রবিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক ‘নমন’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁর হাতে তুলে দেওয়া হবে এই বিশেষ স্বীকৃতি। মূলত টেস্ট এবং ওডিআই ফরম্যাটে অসামান্য ধারাবাহিকতা দেখানোর কারণেই এই অর্জুন পুরস্কার প্রাপককে বেছে নিয়েছে বোর্ড।
বিগত বছরে ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে শুবমান মোট ১,৭৬৪ রান সংগ্রহ করেছেন, যেখানে তাঁর ব্যাটিং গড় ছিল ৪৯। এর মধ্যে টেস্টে ৯৮৩ রান এবং ওডিআই-তে ৪৯০ রান করেছেন তিনি। বিশেষত ইংল্যান্ড সফর এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর ব্যাটে রানের বন্যা দেখা গেছে। সাতটি শতরান ও তিনটি অর্ধশতরান হাঁকিয়ে তিনি নির্বাচকদের নজর কেড়েছেন। আইপিএল-এর গত মরসুমেও গুজরাট টাইটানসের হয়ে ৫০ গড়ে ৬৫০ রান করেছিলেন এই তারকা ওপেনার।
তবে সংক্ষিপ্ত ফরম্যাটে জাতীয় দলের হয়ে আশানুরূপ পারফরম্যান্স না থাকায় ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি তাঁর। শুবমানকে ছাড়াই ভারত ফের বিশ্বসেরার মুকুট পরলেও ব্যক্তিগত সাফল্যে সবাইকে ছাপিয়ে গিয়েছেন তিনি। বর্তমানে আসন্ন আইপিএল-এর জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছেন শুবমান। গুজরাট টাইটানসকে অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন করা এবং আইপিএল-এ ভালো খেলে ফের টি-২০ ফরম্যাটে জাতীয় দলে প্রত্যাবর্তন করাই এখন তাঁর মূল লক্ষ্য।

