বিশ্বকাপ না খেলায় কোমায় দুই ক্রিকেটার! আসিফ নজরুলের বিরুদ্ধে বিস্ফোরক কোচ সালাউদ্দিন – এবেলা
এবেলা ডেস্কঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে টালমাটাল বাংলাদেশ ক্রিকেট। তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের একটি সিদ্ধান্ত কীভাবে জাতীয় দলের ক্রিকেটারদের মানসিক ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল, তা নিয়ে এবার বোমা ফাটালেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তাঁর দাবি, এই হঠকারী সিদ্ধান্তের জেরে দলের অন্তত দুইজন ক্রিকেটার মানসিকভাবে ‘কোমায়’ চলে গিয়েছিলেন।
সদ্য বিদায়ী উপদেষ্টা আসিফ নজরুলকে সরাসরি আক্রমণ করে সালাউদ্দিন বলেন, বিসিবি বা ক্রিকেটারদের সঙ্গে কোনো আলোচনা না করেই একক সিদ্ধান্তে বিশ্বকাপের স্বপ্ন বিসর্জন দেওয়া হয়েছে। অথচ পরবর্তীতে আসিফ নজরুল দাবি করেছিলেন যে, সবার সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই বক্তব্যকে ‘ডাহা মিথ্যা’ বলে অভিহিত করেছেন সালাউদ্দিন।
কোচ সালাউদ্দিনের অভিযোগ, একজন ক্রিকেটার বছরের পর বছর পরিশ্রম করে বিশ্বকাপের মঞ্চে যাওয়ার জন্য। কিন্তু কারো ব্যক্তিগত খেয়ালে সেই স্বপ্ন এক সেকেন্ডে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, একজন শিক্ষক হয়ে আসিফ নজরুল কীভাবে প্রকাশ্যে এমন অসত্য তথ্য দিতে পারেন।
সালাউদ্দিন আরও জানান, এই সিদ্ধান্ত যে আত্মঘাতী হবে তা জানতেন বোর্ড কর্তারাও। নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসদের সঙ্গে চরম অন্যায় করা হয়েছে বলে মনে করেন তিনি। মূলত সরকারের চাপে পড়ে আমিনুল ইসলাম বুলবুলরা বিশ্বকাপ বয়কটের পথে হাঁটতে বাধ্য হয়েছিলেন, যার সুদূরপ্রসারী ক্ষতি এখন বাংলাদেশ ক্রিকেটকে বইতে হচ্ছে।

