লেটেস্ট নিউজ

বিশ্বক্রিকেটে হরমনপ্রীতের অনন্য নজির, হার দিয়ে সিরিজের সমতা ফেরাল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেই বিশ্বক্রিকেটে ইতিহাস গড়লেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে দেশের জার্সিতে সর্বোচ্চ ৩৫৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলার বিরল কৃতিত্ব অর্জন করেছেন তিনি। টসের সময় এই মাইলফলক স্পর্শ করায় ভারতীয় দলের পক্ষ থেকে তাঁকে বিশেষ সংবর্ধনাও জানানো হয়।

তবে ব্যক্তিগত অর্জনের দিনে জয়ের স্বাদ পেলেন না অধিনায়ক। প্রথমে ব্যাট করে জর্জিয়া ভোলের ৮৮ ও বেথ মুনির ৪৬ রানের সৌজন্যে অস্ট্রেলিয়া ১৬৩ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ইতিবাচক হলেও নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে দল। হরমনপ্রীত নিজে দলের হয়ে সর্বোচ্চ ৩০ বলে ৩৬ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৪৪ রানেই থেমে যায় ভারতের ইনিংস। ১৯ রানে জয়ী হয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফেরাল অস্ট্রেলীয় নারীবাহিনী। ইংল্যান্ডে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী শনিবার সিরিজের শেষ ম্যাচে ট্রফি জয়ের লক্ষ্যে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *