বিশ্বজুড়ে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরতে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে পাক প্রধানমন্ত্রীর
বর্তমানে পাকিস্তানের জাতীয় ঋণের বোঝা আকাশছোঁয়া ৮০ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে, যা দেশটির মোট জিডিপি-র ৭০.৭ শতাংশ। সম্প্রতি পাক অর্থ মন্ত্রকের পেশ করা এই বিস্ফোরক তথ্যের পর সেদেশের দেউলিয়া দশা নিয়ে মুখ খুলেছেন খোদ প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ইসলামাবাদে এক অনুষ্ঠানে তিনি অত্যন্ত আক্ষেপের সঙ্গে স্বীকার করেছেন যে, দেশের দৈন্যদশা মেটাতে বিশ্বের দরবারে ঋণের জন্য হাত পাতা অত্যন্ত আসাম্মানজনক এবং এতে বিদেশের মাটিতে মাথা হেঁট হয়ে যায়।
বন্ধু রাষ্ট্রগুলোর কাছে বারবার আর্থিক সাহায্য চাওয়াকে ‘ভিক্ষাবৃত্তি’ হিসেবে অভিহিত করে শাহবাজ জানান, এই পরিস্থিতির কারণে জাতীয় আত্মসম্মান জলাঞ্জলি দিতে হচ্ছে। ঋণদাতা দেশগুলোর অনেক অন্যায্য শর্তও বাধ্য হয়ে মেনে নিতে হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। প্রতিবেশী দেশে জঙ্গি মদত আর দীর্ঘ ছায়াযুদ্ধের প্রভাবে ধুঁকতে থাকা পাকিস্তানের অর্থনীতি এখন এতটাই খাদের কিনারায় যে, সেনাবাহিনী ও সরকার যৌথভাবে চেষ্টা করেও চরম বিড়ম্বনা এড়াতে পারছে না।

