বিশ্ববাজারে উত্তরপ্রদেশের হস্তশিল্প, যোগী সরকারের বড় পদক্ষেপে তৈরি হচ্ছে পিএম ইউনিটি মল – এবেলা
এবেলা ডেস্কঃ
যোগী আদিত্যনাথ সরকারের উদ্যোগে উত্তরপ্রদেশের ঐতিহ্যবাহী হস্তশিল্প ও দেশি পণ্য এখন বিশ্ববাজার জয়ের পথে। স্থানীয় কারিগরদের উৎপাদিত সামগ্রীকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিতে আগ্রা, বারাণসী এবং লখনউতে দ্রুত গতিতে গড়ে তোলা হচ্ছে অত্যাধুনিক ‘পিএম ইউনিটি মল’। মূলত ‘ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট’ (ওডিপি) এবং জিআই ট্যাগপ্রাপ্ত পণ্যগুলিকে একই ছাদের তলায় এনে বিপণন করাই এই প্রকল্পের প্রধান লক্ষ্য।
এই প্রকল্পের অধীনে আগ্রায় প্রায় ১২৯ কোটি এবং বারাণসীতে ১৫৫ কোটি টাকা ব্যয়ে বিশাল মল নির্মিত হচ্ছে। আগ্রার মলে ব্রজ অঞ্চলের শিল্প ও ফিরোজাবাদের কাঁচের কাজ এবং বারাণসীতে বিখ্যাত সিল্ক শাড়ি ও কাঠের খেলনার বিশেষ প্রদর্শনী থাকবে। লখনউয়ের অবধ শিল্পগ্রামেও চিকনকারি ও জর্দোজি কাজের সম্ভার নিয়ে মলের কাজ পুরোদমে চলছে, যা ২০২৬ সালের জুনের মধ্যে চালু হওয়ার কথা।
প্রশাসন সূত্রের খবর, এই ইউনিটি মলগুলি রাজ্যের ৭৫টি জেলার নিজস্ব শিল্পের মিলনমেলা হয়ে উঠবে। এর ফলে মধ্যস্বত্বভোগীদের দাপট কমবে এবং কারিগররা সরাসরি বড় বাজারের সঙ্গে যুক্ত হয়ে আর্থিকভাবে লাভবান হবেন। কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে জোয়ার আনার পাশাপাশি মহিলা ও যুব সম্প্রদায়ের কর্মসংস্থানে নতুন দিশা দেখাবে এবং রাজ্যের পর্যটন শিল্পকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

