বিসিসিআইয়ের কড়া নির্দেশ আর আইপিএলে থাকছেন না মুস্তাফিজুর রহমান – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬ আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিলেও শেষ পর্যন্ত তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে বিসিসিআই। বাংলাদেশে সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষিতে সমর্থকদের তীব্র ক্ষোভ ও প্রতিবাদের মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে কেকেআর-কে দ্রুত মুস্তাফিজুরকে স্কোয়াড থেকে রিলিজ করতে বলা হয়েছে।
এই নির্দেশনার ফলে পাকিস্তানের মতো বাংলাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রেও আইপিএলে কার্যত নিষেধাজ্ঞার ছায়া দেখছেন বিশেষজ্ঞরা। বিসিসিআই আরও জানিয়েছে, মুস্তাফিজুরের পরিবর্তে কলকাতা নাইট রাইডার্স চাইলে অন্য কোনো বিদেশি ক্রিকেটারকে দলে নেওয়ার অনুমতি পাবে। ২০০৮ সালের পর পাকিস্তানের ক্রিকেটাররা যেভাবে আইপিএল থেকে বাদ পড়েছিলেন, বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে বাংলাদেশের ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়েও এখন একই ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

