বিসিসিআইয়ের বড় সিদ্ধান্তে বিপাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড – এবেলা
এবেলা ডেস্কঃ
বাংলাদেশে সাম্প্রতিক ভারতবিরোধী অবস্থান ও রাজনৈতিক অস্থিরতার জেরে দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। ২০২৬ সালের আগস্ট-সেপ্টেম্বরে প্রস্তাবিত তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সফরটি আপাতত অনিশ্চয়তার মুখে। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত পেলেই এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা করা হবে। এর ফলে ব্রডকাস্টিং ও স্পনসরশিপ থেকে কয়েক কোটি টাকার আর্থিক ক্ষতির আশঙ্কায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
অন্যদিকে আইপিএলে কেকেআর থেকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশের পর এই সফর স্থগিতের খবর প্রতিবেশী দেশের ক্রিকেটে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। যদিও কলকাতায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণে আপাতত কোনো বাধা নেই। তবে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক এখন অনেকটা ভারত-পাকিস্তান পরিস্থিতির মতো কেবল আইসিসি টুর্নামেন্টেই সীমাবদ্ধ থাকার ইঙ্গিত দিচ্ছে। এই সিদ্ধান্ত কার্যকর হলে বাংলাদেশের ক্রিকেট অর্থনীতি দীর্ঘমেয়াদী সংকটে পড়তে পারে।

