বিস্ফোরক দলবদল! পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দিচ্ছেন একের পর এক বিদেশি তারকা – এবেলা
এবেলা ডেস্কঃ
খামখেয়ালি ব্যক্তিগত কারণ নাকি আইপিএলের হাতছানি? পিএসএল ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছেন একঝাঁক তারকা। অস্ট্রেলিয়ার গতিদানব স্পেনসার জনসন থেকে শুরু করে শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা— একের পর এক বিদেশি ক্রিকেটার এখন আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর রাডারে।
চেন্নাই সুপার কিংসে যোগ দিচ্ছেন অজি পেসার স্পেনসার জনসন। নাথান এলিসের বিকল্প হিসেবে ধোনির দলে দেখা যাবে তাঁকে। অন্যদিকে রাজস্থান রয়্যালস শিবিরে নাম লিখিয়েছেন দাসুন শানাকা। স্যাম কারানের চোট রাজস্থানের কপাল খুললেও পিএসএল ছেড়ে শানাকার এই যোগদানে শুরু হয়েছে জোর চর্চা। এর আগেই জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি কেকেআরে যোগ দিয়ে এই দলবদল প্রক্রিয়ায় গতি এনেছেন।
তবে মিচেল স্টার্ককে নিয়ে এখনও কাটেনি ধোঁয়াশা। দিল্লি ক্যাপিটালস তাঁকে পেতে মরিয়া হলেও বাধা হয়ে দাঁড়িয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার অনাপত্তি পত্র বা এনওসি। ফিটনেস আর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অজুহাতে স্টার্ককে ছাড়পত্র দেয়নি অজি বোর্ড। দিল্লির ক্রিকেট ডিরেক্টর বেনুগোপাল রাও আশাবাদী হলেও আইপিএলের প্রথম ম্যাচ থেকে স্টার্ককে পাওয়া যাবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্ন।

