বিস্ফোরক ব্যাটিং ও ডাফির দাপট: সানরাইজার্সকে উড়িয়ে আইপিএল অভিযান শুরু করল আরসিবি – এবেলা
এবেলা ডেস্কঃ
ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদকে ৬ উইকেটে হারিয়ে আইপিএল খেতাব ধরে রাখার অভিযান শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আরসিবি। হায়দ্রাবাদের হয়ে অধিনায়ক ঈশান কিষাণের ৩৮ বলে ৮০ এবং অনিকেত ভার্মার ৪৩ রানের লড়াকু ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ২০১ রান তোলে সানরাইজার্স। তবে আরসিবির হয়ে অভিষেকেই বল হাতে চমক দেখান জ্যাকব ডাফি, মাত্র ২২ রানে ৩ উইকেট নিয়ে তিনি ম্যাচের সেরা নির্বাচিত হন।
২০২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ধরা দেয় বেঙ্গালুরুর ব্যাটাররা। ওপেনার বিরাট কোহলির অপরাজিত ৩৮ বলে ৬৯ এবং দেবদত্ত পাড়িক্কলের ঝোড়ো ৬১ রানের ইনিংস জয়ের পথ প্রশস্ত করে। শেষদিকে অধিনায়ক রজত পাটীদার ১২ বলে ৩১ এবং টিম ডেভিডের ক্যামিও ইনিংসের সৌজন্যে মাত্র ১৫.৪ ওভারেই ৪ উইকেট হারিয়ে ২০৩ রান তুলে নেয় আরসিবি। ২৬ বল হাতে রেখেই দাপুটে জয় নিশ্চিত করে তারা।
এই ম্যাচে সানরাইজার্সের বোলাররা আরসিবি ব্যাটারদের সামনে দাঁড়াতেই পারেননি। ট্রাভিস হেড ও অভিষেক শর্মার দ্রুত বিদায় হায়দ্রাবাদকে শুরুতেই চাপে ফেলে দিয়েছিল। অন্যদিকে, ডাফির পাশাপাশি রোমারিও শেফার্ডও ৩টি উইকেট দখল করেন। ব্যাটিং ও বোলিং—উভয় বিভাগেই পেশাদারিত্ব দেখিয়ে মরসুমের প্রথম ম্যাচেই নিজেদের শক্তির জানান দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

