বীরভূমের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসএসসি চেয়ারম্যান: প্রস্তুতি তুঙ্গে – এবেলা
এবেলা ডেস্কঃ
আগামী ৩ ও ৮ মার্চ রাজ্য শিক্ষা দপ্তরের গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। প্রায় ৭ হাজার শূন্য পদের বিপরীতে এই পরীক্ষায় ২৪ লক্ষাধিক চাকরিপ্রার্থী অংশ নেবেন। নিয়োগ প্রক্রিয়ার সুষ্ঠু পরিচালনার লক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য সরকার।
এই পরীক্ষার প্রস্তুতির অঙ্গ হিসেবে শুক্রবার বীরভূমের সিউড়ির বিভিন্ন পরীক্ষা কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন এসএসসি চেয়ারম্যান অরিন্দম গঙ্গোপাধ্যায়। তিনি স্কুল কর্তৃপক্ষ ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন। পরীক্ষা কেন্দ্রের পরিকাঠামো এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় সাধন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
বীরভূমের ৮৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইস্টার্ন জোনে প্রায় দেড় লক্ষ পরীক্ষার্থী অংশ নেবেন। পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে বাস ও ট্রেনের সংখ্যা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে কোনো বিশৃঙ্খলা ছাড়া পরীক্ষা সম্পন্ন হয়, সে বিষয়ে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

