বুলেটে বিদ্ধ মেরুদণ্ড নিয়েও আদালত চত্বরে লড়াকু ব্যবসায়ী, তোলাবাজের যাবজ্জীবন কারাদণ্ড – এবেলা
এবেলা ডেস্কঃ
দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে তোলা দিতে অস্বীকার করায় ব্যবসায়ী নিখিলকুমার সাহাকে গুলি করে খুনের চেষ্টার ঘটনায় ঐতিহাসিক রায় দিল ডায়মন্ড হারবার আদালত। ২০২৩ সালের ৫ মার্চ হটুগঞ্জ বাজারে নিজের মুদির দোকানেই আক্রান্ত হন নিখিলবাবু। দুষ্কৃতী রেজাজুল লস্কর ওরফে ছোটো মাতাল সরাসরি তাঁর বুকে গুলি চালায়, যা ফুসফুস ভেদ করে মেরুদণ্ডের দ্বিতীয় ভার্টিব্রায় আটকে যায়। দীর্ঘ লড়াইয়ের পর প্রাণে বাঁচলেও চিকিৎসকদের পরামর্শে আজীবন সেই বুলেট শরীরে নিয়েই কাটাতে হচ্ছে তাঁকে।
বুধবার আদালত অভিযুক্ত রেজাজুল লস্করকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। সরকারি পক্ষের আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় জানান, সিসিটিভি ফুটেজ এবং অকাট্য প্রমাণের ভিত্তিতে এই সাজা ঘোষণা করা হয়েছে। ডায়মন্ড হারবারের বিচারবিভাগীয় ইতিহাসে খুনের চেষ্টার মামলায় এমন কঠোরতম সাজা কার্যত নজিরবিহীন। অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ব্যবসায়ী ও স্থানীয় সাধারণ মানুষ।
শারীরিক যন্ত্রণা ও ঝুঁকি উপেক্ষা করেই এদিন রায় শুনতে আদালতে হাজির ছিলেন নিখিলবাবু। বুলেট বের করা সম্ভব না হওয়ায় তিনি কার্যত অর্ধমৃত অবস্থায় দিন কাটালেও অপরাধীর সাজা হওয়ায় বিচারব্যবস্থার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। পুলিশের দাবি, ধৃত রেজাজুল এলাকার কুখ্যাত তোলাবাজ হিসেবে পরিচিত ছিল। এই রায়ের ফলে সমাজবিরোধীদের কাছে একটি কড়া বার্তা পৌঁছাবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

