লেটেস্ট নিউজ

বেআইনি কল সেন্টারে ইডির হানা উদ্ধার নগদ ১৫ কোটি ও কোটি টাকার গয়না – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের ১০টি জায়গায় বেআইনি কল সেন্টারের বিরুদ্ধে বড়সড় অভিযানে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কলকাতা, বিধাননগর ও হাওড়া-সহ বিভিন্ন এলাকায় টানা দু-দিন তল্লাশি চালিয়ে নগদ ১৫ কোটি টাকা, দেড় কোটি টাকার সোনার গয়না এবং একাধিক বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। বিদেশি নাগরিকদের টেক সাপোর্টের নামে প্রতারণা করে এই বিপুল সম্পত্তি গড়া হয়েছিল বলে ইডি সূত্রে খবর।

তদন্তে জানা গেছে, সল্টলেক, গড়িয়া ও শিলিগুড়ির মতো এলাকায় চারটি শিফটে কয়েক’শ কর্মী নিয়ে এই কারবার চলত। ডার্কওয়েব থেকে সংগ্রহ করা নম্বরে ফোন করে আমেরিকা ও ইউরোপের বাসিন্দাদের অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হতো। প্রতিটি কল সেন্টার থেকে ঘণ্টায় প্রায় ৩০-৪০ হাজার টাকা আয় হতো বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

প্রতারণার এই অর্থ বিভিন্ন ‘ভাড়া’ অ্যাকাউন্টের মাধ্যমে ঘুরিয়ে তোলা হতো এবং পরবর্তীতে হাওলার মাধ্যমে দুবাইয়ে পাচার করা হতো। উদ্ধার হওয়া নগদ ও গয়না মূলত জালিয়াতির টাকায় কেনা বলে নিশ্চিত করেছেন আধিকারিকরা। এই চক্রের সঙ্গে রিয়েল এস্টেট বিনিয়োগ ও পুলিশের একাংশের মদত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় সংস্থাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *