বেঙ্গালুরুতে আয়কর হানার মাঝেই রহস্যজনক মৃত্যু, নিজের অফিসে প্রাণ হারালেন রিয়েল এস্টেট টাইকুন – এবেলা
এবেলা ডেস্কঃ
বেঙ্গালুরুতে আয়কর হানার চলাকালীন মর্মান্তিক পরিণতি হল নামী রিয়েল এস্টেট সংস্থার চেয়ারম্যান সি জে রয়ের। শুক্রবার অশোকনগর থানা এলাকায় নিজের অফিসেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর। পুলিশের প্রাথমিক অনুমান, আয়কর দপ্তরের ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের চাপে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি আত্মঘাতী হয়েছেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
বিগত কয়েক দিন ধরে কেরল থেকে আসা আয়কর আধিকারিকরা রয়ের বিভিন্ন সংস্থায় তল্লাশি চালাচ্ছিলেন। বৃহস্পতিবার তল্লাশিতে অসামঞ্জস্যপূর্ণ সম্পদের হদিস মেলার পর শুক্রবারও তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। দক্ষিণ ভারতের প্রভাবশালী এই ব্যবসায়ীর আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ তাঁর সংস্থা। পুরো বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বেঙ্গালুরু পুলিশ।

