বেঙ্গালুরুতে লেবুর শরবতেও ‘গ্যাস চার্জ’, ক্যাফের অদ্ভুত বিলে নেটপাড়ায় শোরগোল – এবেলা
এবেলা ডেস্কঃ
সম্প্রতি বেঙ্গালুরুর একটি ক্যাফের বিল সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দুই গ্লাস লেবুর শরবতের ওপর অতিরিক্ত ‘গ্যাস ক্রাইসিস চার্জ’ ধার্য করা হয়েছে। বিলে দেখা যাচ্ছে, ১৭৯ টাকা মূল্যের পানীয়ের ওপর ৫ শতাংশ হারে ১৭.০১ টাকা গ্যাসের দাম হিসেবে অতিরিক্ত নেওয়া হয়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটকে এই বাড়তি খরচের কারণ হিসেবে দেখানো হলেও, শরবতের মতো পানীয়ের ওপর এমন কর দেখে তাজ্জব নেটাগরিকরা।
ভাইরাল হওয়া রসিদটি অনুযায়ী, পুদিনা স্বাদের দুটি লেমোনেড এবং আনুষঙ্গিক জিএসটি মিলিয়ে মোট বিল দাঁড়িয়েছে ৩৭৪ টাকা। রান্না করার প্রয়োজন নেই এমন পানীয়ের ক্ষেত্রে কেন রান্নার গ্যাসের দাম নেওয়া হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বহু গ্রাহক। জনৈক এক্স ব্যবহারকারী এই বিলের ছবি পোস্ট করার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।
নেটপাড়ার একাংশ এই ঘটনাকে ‘তুঘলকি কাণ্ড’ আখ্যা দিয়ে বিদ্রুপ করেছেন। কেউ কেউ ঠাট্টা করে প্রশ্ন তুলেছেন শরবত কি তবে গরম করে দেওয়া হয়েছিল? অন্যদিকে, কিছু মানুষ এলপিজির ক্রমবর্ধমান দামের কথা মাথায় রেখে ক্যাফেটির পক্ষ নিলেও, এই বাড়তি চার্জ ঐচ্ছিক হওয়া উচিত বলে মত দিয়েছেন। তবে অধিকাংশ গ্রাহকই রেস্তরাঁ কর্তৃপক্ষের এমন খামখেয়ালি কর আদায়ের যৌক্তিকতা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন।

