লেটেস্ট নিউজ

বেলগাছিয়া ভাগাড়ে ধসের এক বছর পার হলেও দগদগে ক্ষতের চিহ্ন নিয়ে বিপাকে হাওড়াবাসী – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা ও হাওড়া: ঠিক এক বছর আগের কথা। ২০২৫ সালের মার্চ মাসে হাওড়ার বেলগাছিয়ার ভাগাড়ে যে ধস নেমেছিল, তা শহরের বিস্তৃত অঞ্চলের জনজীবনকে এক অসহনীয় পরিস্থিতির মুখে দাঁড় করিয়েছিল। হাওড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে একাধিক বাড়িতে ফাটল ধরা থেকে শুরু করে পদ্মপুকুর জলপ্রকল্পের পাইপলাইন ফেটে পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হওয়ার সেই ভয়াবহ স্মৃতি এখনও স্থানীয়দের মনে দগদগে। বছর পেরিয়ে গেলেও বস্তির রাস্তাঘাট ও শৌচালয় আজও ভাঙা অবস্থায় পড়ে রয়েছে, অনেক বাড়িতে ফেরেনি জলের সংযোগ।

তবে সংকটের মধ্যেও আশার আলো দেখাচ্ছে আবর্জনা সরানোর কাজ। ভাগাড়ে জমে থাকা পাহাড়প্রমাণ জঞ্জালের একাংশ সরিয়ে ফেলায় এলাকা এখন অনেকটাই দুর্গন্ধমুক্ত। কেএমডিএ-র পরিকল্পনা অনুযায়ী গত এক বছরে প্রায় সাড়ে ৬ লক্ষ মেট্রিক টন জঞ্জাল পরিষ্কার করা হয়েছে। বর্ষার আগেই ১ নম্বর জোনের সমস্ত আবর্জনা সরিয়ে ফেলার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। সম্প্রতি বিধাননগরের সদর দপ্তরে হাওড়া পুরসভার আধিকারিকদের সঙ্গে বৈঠক করে কাজের অগ্রগতি পর্যালোচনা করেছে পুরদপ্তর।

এক সময় এই এলাকায় নাকে রুমাল না দিয়ে ঢোকা আসাম্ভব ছিল। আবর্জনার পাহাড় থেকে নির্গত মিথেন গ্যাস ও ধোঁয়ায় বাসিন্দাদের শ্বাসকষ্ট ও চোখ জ্বালা ছিল নিত্যদিনের সমস্যা। স্থানীয় বাসিন্দা রাজকুমার যাদবের কথায়, আগে দুর্গন্ধে টেকা যেত না, এখন পরিস্থিতি অনেকটা উন্নত হয়েছে। তবে প্রশাসনিক উদাসীনতার অভিযোগও কম নয়। রেণু যাদব ও দীনেশ পাসোয়ানের মতো বাসিন্দাদের দাবি, আবর্জনা সরলেও রাস্তাঘাট সংস্কার হয়নি এবং অনেকেই এখনও পুনর্বাসন বা ক্ষতিপূরণ পাননি। যদিও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সব সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *