বেলজিয়ামের কাছে ৫ গোল হজম করে দিশেহারা আমেরিকা বিশ্বকাপের আগে রক্ষণ নিয়ে দুশ্চিন্তায় কোচ পোচেত্তিনো – এবেলা
এবেলা ডেস্কঃ
ঘরের মাঠে বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে বেলজিয়ামের কাছে ২-৫ গোলে বিধ্বস্ত হলো আমেরিকা। প্রথমার্ধে ওয়েস্টন ম্যাককেনির গোলে এগিয়ে গিয়েও ১৫ মিনিটের ঝড়ে খেই হারিয়ে ফেলে মার্কিন বাহিনী। বিরতির ঠিক আগে সমতা ফেরানোর পর দ্বিতীয়ার্ধের শুরুতে পরপর গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বেলজিয়াম। ইউরোপীয় শক্তির কাছে এমন হার বিশ্বকাপের আগে মৌরিসিও পোচেত্তিনোর দলের প্রস্তুতি নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল।
আমেরিকার রক্ষণের কঙ্কালসার দশা প্রকাশ পেয়েছে জেরেমি ডোকুর গতির সামনে। বাম উইং দিয়ে ডোকুর একের পর এক আক্রমণ সামলাতে ব্যর্থ হন টিম ওয়েহ ও মার্ক ম্যাকেঞ্জি। অন্যদিকে, গোলকিপার ম্যাট টার্নার পাঁচ গোল হজম করায় তার পারফরম্যান্স নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। দীর্ঘ বিরতির পর দলে ফিরে আত্মবিশ্বাসের অভাবে ভুগতে দেখা গেছে তাকে, যা গোলকিপার পজিশনে ম্যাট ফ্রিজকে নিয়ে নতুন করে ভাবাচ্ছে কোচকে।
দলের প্রধান তারকা ক্রিশ্চিয়ান পুলিশিক আক্রমণে নিষ্প্রভ থাকায় উদ্বেগ আরও বেড়েছে। চলতি বছরে দেশের জার্সিতে তার গোল খরা অব্যাহত রয়েছে, যা দলের ফিনিশিং দক্ষতাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। ব্যক্তিগত কিছু ঝলক থাকলেও দলগত সংহতির অভাবে ঘরের মাঠে বিশ্বকাপের গ্রুপ পর্ব টপকানো আমেরিকার জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রক্ষণ ও আক্রমণের এই ভারসাম্যহীনতা কাটাতে দ্রুত কঠোর পদক্ষেপ প্রয়োজন।

