বেলডাঙা অশান্তিতে নয়া মোড়: বিজেপির বিস্ফোরক দাবি – এবেলা
এবেলা ডেস্কঃ
মুর্শিদাবাদের বেলডাঙায় সাম্প্রতিক অশান্তিকে ‘সুপরিকল্পিত’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করল বঙ্গ বিজেপি। ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যুকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া উত্তেজনার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছে গেরুয়া শিবির। ময়নাতদন্তের রিপোর্টে আত্মহত্যার বিষয়টি স্পষ্ট হওয়া সত্ত্বেও, কেন যাচাই না করেই খুনের গুজব ছড়িয়ে অরাজকতা সৃষ্টি করা হলো, তা নিয়ে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
বিজেপির অভিযোগ, মালদা-মুর্শিদাবাদ অঞ্চলে ভোটব্যাঙ্কের সমীকরণ মজবুত করতেই এই বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেওয়া হয়েছে। ময়নাতদন্ত ও পুলিশের তদন্তে শারীরিক নির্যাতনের কোনো প্রমাণ মেলেনি, এমনকি মৃতের পরিবারও তদন্তে সন্তোষ প্রকাশ করেছে। তা সত্ত্বেও ঘণ্টার পর ঘণ্টা জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় প্রশাসনের নীরবতা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।

