বেলডাঙা কাণ্ডে নয়া মোড়! এনআইএ-র আরজিতে ধৃতদের নিয়ে কী বড় নির্দেশ দিল আদালত?
বেলডাঙায় সংগঠিত হিংসার ঘটনায় ধৃত ৩১ জন অভিযুক্তের জেল হেফাজতের মেয়াদ আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়াল কলকাতার বিচার ভবন। বৃহস্পতিবার এনআইএ-র আবেদন মঞ্জুর করে এই নির্দেশ দিয়েছেন বিচারক। শুনানিতে সমস্ত নথি হাতে না পাওয়ার যুক্তিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযুক্তদের হেফাজতে রাখার আর্জি জানিয়েছিল। উল্লেখ্য, ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে গত ১৬ ও ১৭ জানুয়ারি বেলডাঙা রণক্ষেত্রের চেহারা নিয়েছিল।
হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের সবুজ সংকেত মেলার পর এই স্পর্শকাতর মামলার তদন্তভার এখন এনআইএ-র হাতে। শুনানিতে রাজ্যের আইনজীবী কেন্দ্রীয় সংস্থার অতি-সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুললেও, আদালত আইনি প্রক্রিয়াই বজায় রেখেছে। এদিন নিরাপত্তার খাতিরে অভিযুক্তদের ভার্চুয়ালি পেশ করা হয়। অন্যদিকে, অভিযুক্ত পাঁচজন নাবালক হওয়ায় তাদের শুনানিতে আনা হয়নি। মামলার পরবর্তী শুনানি আগামী ১৭ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে, যেখানে ইউএপিএ ধারা প্রয়োগ নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।

