বেলডাঙা হিংসা মামলা: সোমবার এনআইএ আদালতে ৩১ অভিযুক্তের জামিনের শুনানি – এবেলা
এবেলা ডেস্কঃ
বেলডাঙা হিংসা মামলায় অভিযুক্ত ৩১ জনের জামিনের আবেদনের শুনানির দিন ধার্য করল কলকাতার এনআইএ আদালত। শুক্রবার বিচার ভবনের ভারপ্রাপ্ত বিচারক শ্রুতিরূপা ঘোষ মাজি আগামী সোমবার এই শুনানির দিন স্থির করেছেন। বর্তমানে মামলার সমস্ত অভিযুক্ত কলকাতার প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন।
আদালতে শুনানি চলাকালীন এনআইএ-র বিশেষ সরকারি কৌঁসুলি শ্যামল ঘোষ জানান, উভয় পক্ষের প্রাথমিক বক্তব্যের পর বিচারক পরবর্তী দিন নির্ধারণ করেছেন। এদিন আদালত অভিযুক্তদের পুনরায় জেল হেফাজতের নির্দেশ দেয়। সরকারি পক্ষের দাবি, মামলার কেস ডায়েরিতে অভিযুক্তদের বিরুদ্ধে নাশকতামূলক কাজের যথেষ্ট তথ্য-প্রমাণ সংগৃহীত রয়েছে যা শুনানির সময় পেশ করা হবে।
অন্যদিকে, অভিযুক্ত পক্ষের আইনজীবী ফজলে আহমেদ খান এই আইনি পদক্ষেপের বিরোধিতা করেছেন। সংবাদমাধ্যমের কাছে তিনি দাবি করেন, তাঁর মক্কেলদের বিরুদ্ধে আনা ইউএপিএ-র মতো কঠোর ধারার অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। সোমবারের শুনানিতে দুই পক্ষই নিজেদের সপক্ষে চূড়ান্ত যুক্তি উপস্থাপন করবে বলে জানা গেছে।

