বেলুড়ে ভক্তি আর দক্ষিণেশ্বরে বিক্ষোভের মুখে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা বিমানবন্দরের পর এবার দক্ষিণেশ্বর মন্দির চত্বরেও নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়লেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। মঙ্গলবার মা ভবতারিণীর মন্দিরে পুজো দিয়ে বেরোনোর সময় তাঁকে লক্ষ্য করে কালো পতাকা দেখান তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। এই ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক মহল।
এদিন সকালে প্রথমে বেলুড় মঠে যান জ্ঞানেশ কুমার। সেখানে স্বামীজীদের সঙ্গে কিছুটা সময় কাটানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কড়া বার্তা দেন। কমিশনার স্পষ্ট জানান, শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের এই পুণ্য ভূমি পশ্চিমবঙ্গে এবার কোনো রকম হিংসা ছাড়াই বিধানসভা নির্বাচন সম্পন্ন করতে কমিশন বদ্ধপরিকর। তবে বেলুড় থেকে দক্ষিণেশ্বরে পৌঁছাতেই পরিস্থিতির ভোলবদল ঘটে। মন্দির থেকে বেরোনোর পরেই তৃণমূলের স্লোগান ও কালো পতাকার মুখে পড়তে হয় তাঁকে।
নির্বাচন ঘোষণার আগেই রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। মঙ্গলবার কলকাতার শ্যামবাজার, বউবাজার, রাসবিহারী ও টালিগঞ্জ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় রুট মার্চ করেন জওয়ানরা। সাধারণ মানুষের আত্মবিশ্বাস বাড়াতে বাহিনীর এই বিশেষ টহলদারি বলে জানানো হয়েছে। অন্যদিকে, নন্দীগ্রামে দাঁড়িয়ে রাজ্যের শাসকদলকে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।
রাজনৈতিক এই উত্তাপের মধ্যেই স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং উত্তর ২৪ পরগনায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি সহ একাধিক জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

