ব্যর্থ পাকিস্তানের সমরাস্ত্র বিক্রির ছক এবং বিশ্ববাজারে বড়সড় ধাক্কা খেল শেহবাজ সরকার – এবেলা
এবেলা ডেস্কঃ
অপারেশন সিঁদুরের পর আন্তর্জাতিক মহলে ভারতের কাছে পর্যুদস্ত হয়ে মুখ পুড়েছে পাকিস্তানের। নিজেদের হারানো ভাবমূর্তি ফেরাতে এবং ভেঙে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে মরিয়া শেহবাজ সরকার এখন বিদেশে যুদ্ধবিমান ও ড্রোন বিক্রির চেষ্টা চালাচ্ছে। বিশেষ করে ভারতের দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান রপ্তানির সাফল্যের পাল্টা হিসেবে ইসলামাবাদ তাদের জেএফ-১৭ বিমান বিক্রির জন্য উঠেপড়ে লেগেছে। তবে ক্রমাগত বৈদেশিক ঋণ এবং কূটনৈতিক প্রভাব কমে যাওয়ায় বিশ্ববাজারে কার্যত কোণঠাসা হয়ে পড়েছে পাকিস্তান।
জানা গিয়েছে, বিশ্বের প্রায় ১৩টি দেশের সঙ্গে জেএফ-১৭ বিমান এবং ড্রোন বিক্রির বিষয়ে দীর্ঘ আলোচনা চালালেও শেষ পর্যন্ত একটিও বরাত পায়নি পাকিস্তান। ইসলামাবাদের পক্ষ থেকে এই ব্যর্থতার জন্য আন্তর্জাতিক চাপকে দায়ী করা হলেও বিশেষজ্ঞরা ভিন্ন মত পোষণ করছেন। তাঁদের মতে, অভ্যন্তরীণ অর্থনৈতিক দুর্দশা এবং রাজনৈতিক সংকট থেকে বিশ্ববাসীর নজর ঘোরাতেই পাকিস্তান এই ঢক্কানিনাদ শুরু করেছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি এবং সমরাস্ত্র রপ্তানি করে নগদ অর্থ উপার্জনের সেই পরিকল্পনা এখন মুখ থুবড়ে পড়েছে।

